যানবাহনের ধীরগতি, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় যানজট l ছবি: প্রথম আলো
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় যানজট l ছবি: প্রথম আলো

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কয়েকটি স্থানে গতকাল সোমবার ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে চার লেনের কাজ চলায় এবং বৃষ্টির কারণে যানজট আরও তীব্র হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অনেক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেনে উন্নীত করার কাজ চলছে। গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় এবং কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় উড়াল সড়ক নির্মাণের কাজ চলছে। এর মধ্যে রোববার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। এতে গতকাল সকাল থেকে যানজট আরও তীব্র হয়েছে। থেমে থেমে চলছে যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

গতকাল দুপুরে কালিয়াকৈর উপজেলার আনসার একাডেমির সামনে কথা হয় বাসচালক মোফাজ্জল হোসেনের সঙ্গে। তিনি বলেন, কালিয়াকৈর থেকে আনসার একাডেমি পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক। এতটুকু পথ আসতে সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা। পিকআপের চালক মারুফ তালুকদার বলেন, ‘সকাল থেকে রাস্তায় বসে আছি। চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজটের কারণে কোনো দিকেই যাওয়া যাচ্ছে না।’

টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, রাতে বৃষ্টির কারণে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে গোড়াই থানাধীন টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বৃষ্টির কারণে গাড়ির চালকেরা ‘সাইড রোড’ ব্যবহার না করে ‘সিঙ্গেল লাইন’ দিয়ে চলতে থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ঢাকা থেকে টাঙ্গাইলগামী হানিফ পরিবহনের যাত্রী মো. সেলিম সরকার বলেন, ‘ঢাকা থেকে ভোরে রওনা হয়ে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ের পাশে গিয়ে যানজটে পড়ি। ওয়ালটন থেকে বংশাই সেতু পর্যন্ত পাঁচ-সাত মিনিটের পথ পার হতে প্রায় এক ঘণ্টা লেগেছে। জানি না টাঙ্গাইল পৌঁছাতে কতক্ষণ লাগবে।’

গাজীপুরের কোনাবাড়ী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী সাইদুর রহমান বলেন, গত রোববার মধ্যরাত থেকে বৃষ্টিপাতের কারণে কালিয়াকৈর উপজেলার বংশাই সেতু থেকে চন্দ্রা এলাকার (ঢাকামুখী) প্রায় ৪ কিলোমিটার এবং ওয়ালটন কারখানার পাশ থেকে বংশাই সেতু পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কে (টাঙ্গাইলমুখী) গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেলা ১১টার পর থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজট কিছুটা কমলেও বংশাই সেতু থেকে চন্দ্রা হয়ে (ঢাকামুখী) সফিপুর, মৌচাক পর্যন্ত যানজট আরও প্রকট হয়।