যানবাহনের বাম্পার সরাতে অভিযান খুলনা ও মাগুরায়
বিভিন্ন যানবাহনের অ্যাঙ্গেল, ধারালো-চোখা হুক ও অনুমোদনহীন বাম্পার অপসারণে গতকাল রোববার থেকে ঢাকাসহ সারা দেশে অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রথম দিনে খুলনায় ৩১ ও মাগুরায় ৫০টিসহ ৮১টি যান থেকে এমন প্রাণঘাতী অংশ অপসারণ করা হয়।
খুলনার জিরো পয়েন্ট এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩১টি যানবাহনের বিরুদ্ধে মামলা, ৩২ হাজার ৭০০ টাকা জরিমানা, ছয়টি যানের অ্যাঙ্গেল ও বাম্পার অপসারণ করা হয়। খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ খুলনা সার্কেলের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রোসলিনা পারভীন এই আদালত পরিচালনা করেন। সঙ্গে ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের উপপরিচালক মো. জিয়াউর রহমানসহ বিআরটিএ খুলনা সার্কেলের অন্য কর্মকর্তারা।
মাগুরা বিআরটিএর কার্যালয় সূত্র জানায়, শহরের ভায়নার মোড়ে গতকাল অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে ৫০টি মোটরযানের বাম্পার, অ্যাঙ্গেল ও হুক অপসারণ করা হয়। একই সঙ্গে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম দীপক কুমার দেব শর্মা ও মো. জাকারিয়া।