শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গত শনিবার থেকে যানবাহনের বাড়তি চাপ পড়ছে। ফলে গতকাল রোববার সকাল থেকে পাটুরিয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া নদীতে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপারে ফেরিগুলোর দ্বিগুণ বা তারও বেশি সময় লাগছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা।
লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা-সংকট নিরসনে ড্রেজিং কার্যক্রম গতকাল পর্যন্ত শুরু হয়নি। নাব্যতা কমে যাওয়ায় গত শুক্রবার এই নৌপথটি বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে নাব্যতা কমে যাওয়ায় শনিবার থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে নিয়মিত গাড়ির সঙ্গে যোগ হয়েছে বাড়তি গাড়ির চাপ। এই নৌপথে ছোট-বড় ১৮টি ফেরির মধ্যে বর্তমানে তিনটির মেরামতকাজ চলছে। রো রো ফেরি ভাষাশহীদ বরকত, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও খানজাহান আলী মেরামতের জন্য নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। বাকি ১৫টি ফেরির মধ্যে ইঞ্জিনের ত্রুটির কারণে রো রো ফেরি শাহ মখদুমকে শনিবার থেকে পাটুরিয়ার ভাসমান কারখানায় রাখা হয়েছে। বাকি ফেরিগুলোর মধ্যে কে-টাইপ ফেরি কুমারীর ইঞ্জিন মাঝেমধ্যেই দুর্বল হয়ে বসে পড়ছে। এ ছাড়া দুই দিন আগে দৌলতদিয়ার ২ ও ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনের দুটি পকেটের (গাড়ি ফেরিতে ওঠার পথ) ফিঙ্গারের (পন্টুন থেকে পকেট পর্যন্ত পাটাতন) কবজা ভেঙে গিয়ে গাড়ি ওঠানামা বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল। পাশাপাশি নদীতে স্রোত থাকায় ফেরি পারাপারে আগের চেয়ে সময়ও লাগছে বেশি।
গতকাল বিকেলে দেখা যায়, ফেরিঘাট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পণ্যবাহী ট্রাকের সারি। এই সারির অধিকাংশ গাড়ি শনিবার থেকে আটকে আছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্র জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। প্রবল স্রোতের কারণে যানবাহন পারাপার করতে এখন দ্বিগুণ সময় লাগছে।
সূত্র জানায়, সন্ধ্যায় পাটুরিয়ায় যাত্রীবাহী শতাধিক কোচ ও বিভিন্ন পণ্যবাহী তিন শতাধিক ট্রাক নদী পারের অপেক্ষায় ছিল।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, এই নৌপথে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি থেকে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও মওলা নামের দুটি রো রো ফেরি পাটুরিয়া-দৌলতদিয়ায় আনা হচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথ সচল করতে দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে জরুরি সভা হয়েছে। বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাওয়ায় পদ্মা সেতুর কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি বলেন, ‘পদ্মা সেতুর পাইলিংয়ের কাজের জন্য শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে সমস্যা হচ্ছে, তা সঠিক নয়। তার পরও আমরা মনে করি শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ চ্যানেল ঠিক রাখার জন্য সেতু বিভাগের সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করা হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকালও শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটে পণ্যবাহী ট্রাকের জট কমেনি।