যানবাহনের শ্রমিকদের মারধরের অভিযোগে ৫ পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনের শ্রমিকদের মারধরের অভিযোগে ঢাকার সাভারে কর্মরত ট্রাফিক পুলিশের পাঁচ সদস্যকে প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁদের সাময়িক বরখাস্ত করা হতে পারে বলে জানা গেছে।
তাঁরা হলেন সার্জেন্ট রুহুল আমিন, কনস্টেবল ফকরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, মো. মোস্তফা ও রফিকুল ইসলাম।
ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্যরা আশুলিয়ার বাইপাইল এলাকায় কর্মরত থাকা অবস্থায় রাজধানী ও উত্তরবঙ্গের মধ্যে চলাচলকারী বিভিন্ন পরিবহনের শ্রমিকদের মারধর করেন।
পরিবহনশ্রমিকদের পক্ষ থেকে এমন অভিযোগ পাওয়ার পর গতকাল শনিবার বিকেলে পুলিশ সুপারের নির্দেশে তাঁদের সাভার থেকে ঢাকার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
যোগাযোগ করা হলে সার্জেন্ট রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে গত কয়েক দিন বেশ কিছু যানবাহনের শ্রমিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে যানবাহনের শ্রমিক নেতারা তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ আলম বলেন, পরিবহনের শ্রমিক নেতাদের পক্ষ থেকে মারধরের অভিযোগ করায় তাঁদের সাভার থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তবে অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মুখার্জী বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের আজ (রোববার) সাময়িক বরখাস্ত করা হতে পারে।