যান্ত্রিক কারচুপির অভিযোগ, ফের ভোট গণনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচনের ভোট আবার হাতে গণনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনের ভোট ইলেকট্রনিক মেশিনে গণনা করা হয়েছিল। কাজল-বাবুল পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইনামুল হক বাবুল নির্বাচন পরিচালনা কমিটির কাছে লিখিত অভিযোগে বলেন, বিজয়ী সাধারণ সম্পাদক তাঁর প্যানেল ভোটের দ্বিগুণ এবং নিকটতম প্রার্থীর পাঁচ গুণ বেশি ভোট পেয়েছেন। কারচুপি ছাড়া তিনি এত ভোট পেতে পারেন না—এ অভিযোগ তুলে ইনামুল হক বাবুল যান্ত্রিক পদ্ধতির পরিবর্তে হাতে ভোট গণনার দাবি জানান। নির্বাচনে কালোটাকার ব্যাপক ব্যবহার এবং ভোট জালিয়াতি হয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন।বিভিন্ন প্যানেলের মোট পাঁচ প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটির কাছে এ ধরনের অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে কমিটির সভায় অভিযোগগুলো পর্যালোচনা করা হয়। কমিটির চেয়ারম্যান আবু তাহেরের সই করা এক চিঠিতে বলা হয়, পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ভোট হাতে গণনার সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবারের ওই চিঠিতে বলা হয়, ১০ হাজার টাকা অফেরতযোগ্য ফি দিয়ে ভোট হাতে গণনার আবেদন করতে হবে। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারী প্রার্থীদের উপস্থিতিতে ১০ ফেব্রুয়ারি ভোট গণনা করা হবে।