ঠাকুরগাঁও চিনিকলে বারবার যান্ত্রিক ত্রুটিতে ব্যাহত হচ্ছে আখমাড়াই কার্যক্রম। মাস খানেক আগে এখানে চলতি মৌসুমের আখমাড়াই শুরু হয়। এই কয়দিনের মধ্যেই যান্ত্রিক ত্রুটিতে এখানে আখমাড়াই বন্ধ ছিল ২৩২ ঘণ্টা। হিসাব করলে ৩০ দিনে ৯ দিনই বন্ধ ছিল ঠাকুরগাঁও জেলার একমাত্র ভারী এই শিল্পপ্রতিষ্ঠানটি।
চিনিকল সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ ডিসেম্বর চলতি আখমাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। এই মৌসুম চলবে ৫৫-৫৬ দিন। এবার ৯০ হাজার মেট্রিক টন আখমাড়াই করে ৬ হাজার ৫২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু ৮ জানুয়ারি পর্যন্ত ২০ দিনে মাত্র ২২ হাজার ৭০০ মেট্রিক টন আখমাড়াই সম্ভব হয়েছে। এ থেকে পাওয়া গেছে ১ হাজার ৫০ মেট্রিক টন চিনি।
এবার আখমাড়াই শুরুর ঘণ্টা আটেকের মাথায় মিলের বাষ্পীয় ইঞ্জিনযন্ত্রে ত্রুটি দেখা দেয়। বন্ধ হয়ে যায় আখমাড়াই। ত্রুটি মেরামত করে পাঁচ-ছয় ঘণ্টা পর আবার শুরু হয় আখমাড়াই। কিন্তু দুই দিন পর আবার বয়লারে সমস্যা দেখা দেয়। এ সময় আখমাড়াই বন্ধ রাখতে হয় প্রায় ১৫ ঘণ্টা। কিছুদিন পর ৯ জানুয়ারি আবারও বাষ্পীয় ইঞ্জিনযন্ত্র ও বয়লার দুটিতেই ত্রুটি দেখা দেয়। এতে মিলের আখমাড়াই একেবারেই বন্ধ হয়ে যায়। এরপর গত শনিবার আবার শুরু হয় আখমাড়াই। চিনিকল সূত্রে জানা গেছে, এই মৌসুমে গত শুক্রবার সকাল আটটা পর্যন্ত সব মিলিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে মোট ২৩২ ঘণ্টা আখমাড়াই বন্ধ রাখা হয়।
কর্তৃপক্ষ এত ঘন ঘন যান্ত্রিক ত্রুটি দেখে আখ সংগ্রহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এতে বিপাকে পড়েন আখচাষিরা। তাঁরা ১১ জানুয়ারি আখ সংগ্রহের দাবিতে মিল ফটকে বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদলায়। তবে শুধু খেত থেকে এরই মধ্যে কেটে ফেলা আখ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।
মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এনায়েত হোসেন বলেন, যেসব চাষি এরই মধ্যে জমি থেকে আখ কেটে ফেলেছেন, শুধু তাঁদের কাছ থেকেই আখ নেওয়া হবে। কারণ, জমিতে থাকা আখ পরে নিলেও সমস্যা হবে না।
সরেজমিনে দেখা গেছে, চাষিদের কাছ থেকে নেওয়া আখ চিনিকলের সামনে স্তূপ করে রাখা হয়েছে। কয়েক দিন ধরে পড়ে থাকায় শুকিয়ে গেছে সেগুলো।
চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, মিলটি সচল রাখতে কর্তৃপক্ষকে এ ক্ষেত্রে আরেকটু বেশি নজর দিতে হবে।
কথা হয় সদর উপজেলার আখানগর গ্রামের আখচাষি সালেকুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘এই মৌসুমে আমি তিন একর জমিতে আখ চাষ করেছিলাম। কিন্তু এক মাস হয়ে গেলেও এখন পর্যন্ত মিলে কোনো আখ সরবরাহ করতে পারিনি।’ তিনি বলেন, সময়মতো মিলে দিতে না পারলে খেতে থাকা আখেরও মান কমে যায়। এতে তাঁদের বড় ধরনের লোকসানে পড়তে হবে।
এদিকে ঠাকুরগাঁও চিনিকলের বাষ্পীয় ইঞ্জিনযন্ত্র ও বয়লারের ত্রুটি মেরামতে রাজশাহী হরিয়ান চিনিকল থেকে এসেছেন বাষ্পীয় ইঞ্জিনের ফোরম্যান নুরুল হক ও বয়লার ফোরম্যান মুছা জামালুল কবীর। নুরুল হক বলেন, এই মিলটি অনেক পুরোনো। অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বয়লার ও টারবাইন বিভাগে নিয়োজিত অনেক লোকই অদক্ষ। এসব অদক্ষ লোক দিয়ে কাজ করানোয় মিলে বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে।
এমডি প্রকৌশলী এনায়েত হোসেন বলেন, ১৯৫৮ সালে এই চিনিকলে উৎপাদন শুরু হয়। এরপর আর তেমন কোনো নতুন যন্ত্রাংশ লাগানো হয়নি। পুরোনো যন্ত্রপাতি দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কাজ।