যান্ত্রিক ত্রুটিতে ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। গত সোমবার রাত নয়টায় পিক আওয়ারে ৭ হাজার ৬৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা এযাবৎকালের সর্বোচ্চ। এর আগে দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল গত ১৬ এপ্রিল ৭ হাজার ৫৭১ মেগাওয়াট।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ কথা জানানো হয়।
এদিকে গতকাল রাজধানীর পরিবাগ, কারওয়ান বাজার, কাকরাইল, আজিমপুর, পুরানা পল্টনসহ বিভিন্ন এলাকায় সকাল ১০টা থেকে ৭-৮ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। রাত সাড়ে নয়টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কিছু এলাকা ছিল বিদ্যুৎহীন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরাও সমস্যায় পড়েন। আবাসিক বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরতদের দুর্ভোগে পড়তে হয়। গতকাল গরমের তীব্রতাও ছিল বেশি।
ঢাকা পাওয়ার সাপ্লাই কোম্পানি (ডিপিডিসি) জানায়, সকাল ১০টার দিকে যান্ত্রিক কারণে ধানমন্ডি গ্রিডের দুটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় রাজধানীর একটি বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে।
এ ছাড়া গতকাল উলন গ্রিডের কাকরাইল অংশের ভূগর্ভের কেবলেও ত্রুটি দেখা দেয়। এ কারণে পুরানা পল্টন, রমনা ও আশপাশের এলাকা এবং ধানমন্ডির বিভিন্ন এলাকায় বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটে।
সন্ধ্যা সোয়া সাতটার দিকে ডিপিডিসির নির্বাহী পরিচালক (উৎপাদন) রমিজ উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘ধানমন্ডি গ্রিডের একটি ট্রান্সফরমার অল্প সময়ের মধ্যে মেরামত করা সম্ভব হতে পারে। তবে আরেকটি ট্রান্সফরমার ঠিক করতে সময় লাগবে। এরপর উলন গ্রিডের ত্রুটি ঠিক করা হবে।’