যান্ত্রিক ত্রুটিতে সিইউএফএল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে সরকারি মালিকানাধীন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল)। গতকাল শুক্রবার সকালে কারখানাটি বন্ধ হয়ে যায়। এর আগে গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণে বৃহস্পতিবার রাতে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান খান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় সিইউএফএলে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। বুধবার রাতে গ্যাসের চাপ কমে যাওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। তখনো অ্যামোনিয়া উৎপাদন অব্যাহত ছিল। কিন্তু গতকাল পুনরায় ইউরিয়া উৎপাদনের উদ্যোগ নেওয়া হলে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তখন অ্যামোনিয়া উৎপাদনও বন্ধ হয়ে যায়।খোঁজ নিয়ে জানা যায়, সাঙ্গু গ্যাসক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ার পর চট্টগ্রামে গ্যাসের চাপ কমে যায়। সিইউএফএলেও এর প্রভাব পড়ে। গত বুধবার নাগাদ সেখানে গ্যাস সরবরাহ কমে ৩৯ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। তখন সিইউএফএল কর্তৃপক্ষ ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয়। কারণ, ইউরিয়া উৎপাদন করতে হলে কমপক্ষে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার হয়। তবে বৃহস্পতিবার রাতে গ্যাসের চাপ ক্রমান্বয়ে বাড়তে থাকে। তখন কর্তৃপক্ষ ইউরিয়া উৎপাদনের উদ্যোগ নিলে যান্ত্রিক ত্রুটির কারণে কারখানা বন্ধ হয়ে যায়।কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. সানোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতের দিকে গ্যাসের চাপ সন্তোষজনকভাবে বাড়তে থাকে। কিন্তু সিইউএফএল কর্তৃপক্ষ সে গ্যাস নিতে পারেনি। ফলে কারখানাটি বন্ধ হয়ে যায়।সিইউএফএল কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানায় উৎপাদন রোববার নাগাদ শুরু হতে পারে।