যান্ত্রিক ত্রুটির মামলায় আরও দুই কর্মকর্তা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও দুই কর্মকর্তার সাত দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন এই আদেশ দেন।
এর আগে ২২ ডিসেম্বর এ মামলার অপর সাত আসামি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাত কর্মকর্তার সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ডে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এ মামলার নয়জন আসামিকেই সাময়িক বরখাস্ত করা হয়।
গতকাল যে দুজনকে রিমান্ডে নেওয়া হয় তাঁরা হলেন বাংলাদেশ বিমানের প্রকৌশলী মো. রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান। তাঁদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক মাহবুবুল আলম। তাঁদের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা।
আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, এই দুই আসামি ২২ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। এ মামলায় গ্রেপ্তার করা সাত আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা বিমানের ত্রুটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে এই দুজনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
শুনানি শেষে আদালত প্রত্যেককে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। একই সঙ্গে তাঁদের জামিনের আবেদন নাকচ করেন।
আদালত সূত্র বলেছে, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটি তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, এটা ‘মানবসৃষ্ট’। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দুই দফায় বিমানের প্রকৌশল বিভাগের নয়জনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এ ঘটনায় ফৌজদারি মামলা করার ব্যাপারে সম্মতি দেন প্রধানমন্ত্রী। পরে ঢাকা বিমানবন্দর থানায় বাংলাদেশ বিমানের প্রকৌশল বিভাগের নয়জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। এতে আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অবহেলা ও ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’-এর অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশলী মো. রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান। তাঁদের মধ্যে রোকনুজ্জামান ও সিদ্দিকুর রহমান গতকাল আদালতে আত্মসমর্পণ করেন।