ঢাকা উত্তর সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগ পরিদর্শন করে বিভাগের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন করপোরেশনের মেয়র আনিসুল হক। রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভাবে বেশ কয়েকটি গাড়ি ব্যবহারের অনুপযোগী হওয়ার বিষয়ে ওই বিভাগের কর্মকর্তাদের কাছে জানতেও চান তিনি।
ঢাকার ধলপুরে রয়েছে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যান্ত্রিক বিভাগ। গতকাল শনিবার সকালে আনিসুল হক এখানে আকস্মিক পরিদর্শন করেন। এখানে ডিএনসিসির বিভিন্ন ধরনের পরিবহন ও যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। যান্ত্রিক বিভাগে ট্রাক, প্রাইভেট কার, বুলডোজারসহ বিভিন্ন ধরনের গাড়ি রাখা হয়েছে। এই বিভাগের অব্যবস্থাপনায় একদিকে করপোরেশনের সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে অর্থেরও অপচয় হচ্ছে।
প্রতিবছর শুধু যান্ত্রিক বিভাগে রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য সাড়ে তিন থেকে চার কোটি টাকা খরচ করা হয়। কিন্তু এত টাকা মেরামতের পেছনে খরচ করা হলেও যন্ত্র ও যন্ত্রাংশ ঠিকভাবে কাজ করে না। ফলে দিন দিন বিভিন্ন ধরনের ব্যয়বহুল গাড়ি ও যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে থাকে।
ওই বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নষ্ট যন্ত্রপাতি মেরামতের কথা বলে খরচ দেখানো হয়। এই টাকা সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ভাগাভাগি করে নিয়ে নেন। নতুন মেয়র এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করেই মূলত ক্ষোভ প্রকাশ করেছেন। ওই কর্মকর্তা বলেন, নামীদামি গাড়ি ও যন্ত্রপাতি শুধু এই বিভাগের কর্মকর্তাদের অব্যবস্থাপনার কারণে একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে।
সিটি করপোরেশনের ২০১৪ সালের বাজেটে এই বিভাগে খরচ দেখানো হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা। আর চলতি অর্থবছরে এই খরচ চার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বছর বছর খরচ বাড়লেও যন্ত্রপাতি ঠিকমতো রক্ষণাবেক্ষণ হচ্ছে না।
ওই বিভাগ পরিদর্শন শেষে মেয়র আনিসুল হক তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগে আচমকা পরিদর্শন করলাম, এ জায়গাটি সরকারি টাকা ও সম্পদ কীভাবে নষ্ট হচ্ছে, তার একটি অনন্য দৃষ্টান্ত। প্রতিটি বিভাগে অনিয়মের মাত্রা দেখে আমি অবাক! এই অনিয়ম যেন আমি কঠোর হস্তে দমন করতে পারি, সে জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি।’
এ বিষয়ে আনিসুল হক প্রথম আলোকে বলেন, এভাবে সম্পদ ও অর্থের অপচয় মানা যায় না। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।