প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাচার ও ধর্ষণের অপরাধে আদালত এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মুন্সি গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রিপন শেখ (২৫) লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামের বাসিন্দা। রিপন বর্তমানে পলাতক। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালে বিয়ের প্রলোভন দেখিয়ে রিপন এক ছাত্রীকে বাড়ি থেকে নিয়ে যান। তিনি মেয়েটিকে ভারতে পাচার করার জন্য বেনাপোলে নিয়ে যান এবং দুদিন আটকে রেখে ধর্ষণ করেন। মেয়েটি সেখান থেকে কৌশলে পালিয়ে আসে। এ ঘটনায় মেয়েটির বাবা ওই বছরই মামলা করেন। আসামি ধরা পড়ার পর থেকে এ আদেশ কার্যকর হবে এবং জরিমানার টাকা ভুক্তভোগীকে পরিশোধ করা হবে।