চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশাচালককে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন মো. জসিম ও ইমদাদুল হক। গতকাল বুধবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নূরে আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ২০০৬ সালের ৩০ ডিসেম্বর রাউজান উপজেলার নোয়াপাড়া কমলদীঘিপাড় এলাকা থেকে অটোরিকশাচালক আরমান হোসেনের লাশ উদ্ধার করা হয়। আসামিরা অটোরিকশাটি ছিনতাই করে তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল আব্বাস বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।