যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ অস্ত্র রাখার দায়ে নওগাঁয় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক আরিফুর রহমান এ রায় দেন। একই সঙ্গে গুলি রাখার দায়ে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। যাবজ্জীবন সাজা পাওয়া আসামি হোসেন আলী (৪২) নওগাঁ সদর উপজেলার শালুকা মণ্ডলপাড়া গ্রামের মছির উদ্দীন মণ্ডলের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৯ নভেম্বর নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে হোসেন আলীকে তিনটি বিদেশি পিস্তল, ১২টি গুলিসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ সার্কেলের পরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।