প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে ধর্ষণ মামলায় গত বৃহস্পতিবার মোস্তাফিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, চিরিরবন্দরের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের স্কুলপাড়া মহল্লার মোস্তাফিজুর এক নারীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। ওই নারী গর্ভবতী হয়ে পড়েন। ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি দিনাজপুর শহরের মেরি স্টোপস ক্লিনিকে ওই নারী গর্ভপাতও করান। এ ঘটনায় ওই বছরের ২৫ মে ওই নারী মোস্তাফিজুরসহ ছয়জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মোস্তাফিজুর দোষী প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি পাঁচজনকে খালাস দেওয়া হয়। ওই রায় দেন বিচারক আখতার-উল-আলম।