যাবজ্জীবন, খালাস ও দণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তিন আপিল
পিলখানা হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৫৮ জনের সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া আসামিদের সর্বোচ্চ সাজা চেয়ে একটি এবং খালাস প্রাপ্তদের বিরুদ্ধে আরেকটি আপিল করেছে রাষ্ট্রপক্ষ। চলতি সপ্তাহে পৃথক তিনটি আপিল করা হয় বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে।
এ দিকে পিলখানা হত্যা মামলায় ১৫২ আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিল-জেল আপিলের ওপর হাইকোর্টে শুনানি চলেছে। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। আজ বুধবার ৩৬৩ তম দিনের মতো শুনানি হয়।
তিন আপিল দায়ের করার তথ্য জানিয়ে ওই মামলায় রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল প্রথম আলোকে বলেন, ২৭৭ জন আসামি বিচারিক আদালতে খালাস পান। তাদের মধ্যে ৬৯ জনের খালাসের বিরুদ্ধে আগেই রাষ্ট্রপক্ষ আপিল করে, যা শুনানিতে রয়েছে। খালাসপ্রাপ্ত বাকিদের মধ্যে যারা বিডিআর সদস্য ছিলেন, তাদের ক্ষেত্র একটি আপিল করা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত ২৫৬ জনের মধ্যে যারা বিডিআর সদস্য ছিল তাদের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চেয়ে একটি এবং যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৫৮ জনের সর্বোচ্চ সাজা চেয়ে আরেকটি আপিল করা হয়েছে।
আইনজীবী সূত্র বলেছে, পৃথক এই তিনটি আপিল শুনানির জন্য হাইকোর্টের ওই বিশেষ বেঞ্চে পাঠাতে প্রধান বিচারপতির কাছে গতকাল মঙ্গলবার আবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ, সঙ্গে ১ হাজার ৩৬ দিন বিলম্ব মার্জনার আবেদন রয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের সদর দপ্তরে পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়। বিচার হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন অস্থায়ী এজলাসে। বিচার শেষে ঢাকা মহানগর তৃতীয় বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান ২০১৩ সালের ৫ নভেম্বর রায় ঘোষণা করেন। রায়ে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু (প্রয়াত) ও স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৭৭ জনকে খালাস দেওয়া হয়। রায়ের পর ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টে আসে। রায়ের পর বিভিন্ন সময়ে আসামিরা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করে। এর মধ্যে ৬৯ জনকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। গুরুত্বপূর্ণ এ মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্ট বিশেষ উদ্যোগ নেন। বিশেষ ব্যবস্থায় এই মামলার পেপারবুক তৈরি করা হয়। এরপর ২০১৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে দেন। এরপর পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে একই বছরের ১৫ জানুয়ারি শুনানি শুরু হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৬০ জনের মধ্যে দুই মারা যাওয়ায় তাদের ক্ষেত্র আপিল করা হয়নি বলে একটি সূত্র জানিয়েছে।