যাবজ্জীবন নয়, মৃত্যুদণ্ড চাইলেন আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি ফাঁসি চেয়েছিলাম। আদালত আমার আশা পূরণ করে নাই। যাবজ্জীবন জেল খাটা সম্ভব না। আমি সুযোগ পেলেই আত্মহত্যা করব।’ রায় ঘোষণার পর গতকাল মঙ্গলবার পাবনার বিশেষ জজ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আত্মস্বীকৃত এক পিতৃঘাতক। নিজের বাবাকে শ্বাস রোধ করে হত্যার দায়ে মো. মনিরুজ্জামান ওরফে মাসুম (৩৪) নামের ওই ব্যক্তিকে বিচারক মো. মুস্তাফিজুর রহমান যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালত সূত্র জানিয়েছে, গতকাল অভিযোগ গঠনের নির্ধারিত তারিখ থাকলেও আসামি আইনজীবী নিয়োগে অস্বীকৃতি জানিয়ে নিজের অপরাধ স্বীকার করায় তাৎক্ষণিকভাবে রায় ঘোষণা করা হয়। মামলার বিবরণে জানা গেছে, গত বছর ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মনিরুজ্জামান তাঁর বাবা ও বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত রেলচালক মো. মজিবুর রহমানকে গলায় নানচাক্কু পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন। পরদিন সকালে তিনি তাঁর মা লুৎফুন্নেসাকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী থানায় আত্মসমর্পণ করেন। ওই দিন লুৎফুন্নেসা ছেলের বিরুদ্ধে মামলা করেন এবং নূরুজ্জামান বিচারিক হাকিমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ১৯ নভেম্বর তাঁর বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় সরকার পক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) আবদুস সামাদ খান জানান, গতকাল মামলার অভিযোগ গঠনের নির্ধারিত তারিখ ছিল। বেলা সাড়ে ১১টায় মনিরুজ্জামানকে হাজির করে অভিযোগপত্র পড়ে শোনানো হয়। এ সময় তিনি দোষ স্বীকার করে মৃত্যুদণ্ড প্রার্থনা করেন। বিচারক তাঁকে আইনজীবী নিয়োগের পরামর্শ দিলে তিনি তাতে অস্বীকৃতি জানান। তাঁকে সরকারের পক্ষ থেকে আইনজীবী দেওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তাও প্রত্যাখ্যান করেন। এ অবস্থায় বিচারক আইনজীবীদের অভিমত গ্রহণ করে ও আসামির বয়স বিবেচনা করে তাঁকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। রায় শুনে মনিরুজ্জামান বলেন, তিনি পিতৃহত্যার অনুশোচনা নিয়ে বাঁচতে চান না। সুযোগ পেলেই তিনি আত্মহত্যা করবেন। এ সময় সেখানে মনিরুজ্জামানের কোনো আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন না।