রাজশাহীতে ১২ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের দায়ে সেরাজুল ইসলাম (২৫) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা হয়েছে। একই সঙ্গে আদালত ওই ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশু দণ্ডপ্রাপ্ত সেরাজুলের পিতৃপরিচয় পাবে বলেও আদেশ দেন।
আজ বুধবার বেলা দুইটায় রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবু সুফিয়ান এই রায় দেন।
সেরাজুল রাজশাহী নগরের মতিহার থানার বামন শেখর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারের উপপরিদর্শক (এসআই) নাজমা খানম জানান, মতিহার থানার বামন শেখর এলাকার ১২ বছর বয়সী এক মেয়ে শিশুকে ২০১১ সালের ২৫ জুন ধর্ষণ করেন ওই এলাকার সেরাজুল। ধষর্ণের পর গর্ভবতী অবস্থায় ২০১১ সালের ৫ অক্টোবর মেয়েটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি হয়। ডিএনএ পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসায় তার প্রাথমিক চিকিৎসার পর ১৫ নভেম্বর ওই শিশুর মা বাদী হয়ে নগরের মতিহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি অস্ত্রোপচারের মধ্য দিয়ে শিশুটি একটি সন্তানের জন্ম দেয়। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন। মামলার সব খরচ এবং যাবতীয় সহায়তা ওসিসি থেকে দেওয়া হয় বলে জানান নাজমা খানম।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মর্জিনা খাতুন। তাঁকে সহযোগিতা করেন ওসিসির আইনজীবী আশুরা খাতুন। তিনি জানান, আসামি সেরাজুলকে যে অর্থদণ্ড দেওয়া হয়েছে তার ২০ হাজার টাকা পাবেন মা এবং বাকি ৮০ হাজার টাকা পাবে সন্তান। আদালত রায়ে নির্দেশ দিয়েছেন, সন্তানটি বাবার পরিচয় হিসেবে সিরাজুল ইসলামের পরিচয় পাবে এবং তাঁর সম্পত্তির উত্তরাধিকারীও হবে।