যাবজ্জীবন মানে ৩০ বছর নয়, আমৃত্যু কারাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগের বেশি সময় আগে সাভারের ব্যবসায়ী জামান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন (আমৃত্যু কারাদণ্ড) কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, যাবজ্জীবন মানে ৩০ বছর নয়, আমৃত্যু কারাবাস। আসামিদের স্বাভাবিকভাবে মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে।

গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের করা আপিল খারিজ করে আদেশ দেন।

বিষয়টি অন্য মামলাতেও প্রযোজ্য হবে কি না জানতে চাইলে অ‌্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ রায়ে আদালত কী বলেন, সে জন্য অপেক্ষা করতে হবে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মুনসুরুল হক চৌধুরী।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, সাভারের একটি মামলায় তিনজন আসামির ফাঁসির আদেশ ছিল, এই মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টও বহাল রাখেন। আসামিরা আপিল বিভাগে আপিল করেন শুধু সাজা কমানো যায় কি না এই যুক্তিতে। আপিল বিভাগ মৃত্যুদণ্ড থেকে তাঁদের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করেছেন।

রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা বলেন, আদালত আদেশে উল্লেখ করেছেন যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ ৩০ বছর নয়, বরঞ্চ আমৃত্যু, স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত তাঁকে জেলে থাকতে হবে। এ ব্যাপারে আসামিপক্ষের আইনজীবীরা উল্লেখ করেছেন দণ্ডবিধি অনুযায়ী সাজা ৩০ বছর। তখন প্রধান বিচারপতি বলেছেন, ‘তিনি রায়ে এ ব্যাপারটি ব্যাখ্যা করবেন এবং মতামত দেবেন। রায়টি পেলে এ ব্যাপারে একটি দিকনির্দেশনা পাব।’

এক আসামির কৌঁসুলি খন্দকার মাহবুব হোসেন বলেন, ফাঁসির দণ্ড মওকুফ করে আপিল বিভাগ আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস।

এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের ব্যাখ্যায় যদি সর্বোচ্চ আদালত বলে দেন আমৃত্যু, তাহলে সব আসামির জন্য এটি প্রযোজ্য হবে।

আইনজীবী সূত্র বলেছে, ২০০১ সালের ১৬ ডিসেম্বর সাভারে জামান নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত জামানের বাবা সাভার থাকায় একটি মামলা করেন। এই মামলায় ২০০৩ সালের ১৫ অক্টোবর বিচারিক আদালত রায় দেন। রায়ে কামরুল, আতাউর ও আনোয়ারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর বিরুদ্ধে আতাউর ও আনোয়ার হাইকোর্টে আপিল করেন, পাশাপাশি নিম্ন আদালত থেকে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে শুনানির জন্য আসে। এসবের ওপর শুনানি শেষে ২০০৭ সালের অক্টোবরে হাইকোর্ট তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। শুনানি শেষে গতকাল তা খারিজ করে আদেশ দেওয়া হয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বলেন, অপরাধের গুরুত্ব ও দায় বিবেচনা করে ওই দুই আসামির আপিল খারিজ করে আদেশ দেন আদালত। অপর আসামি কামরুল পলাতক।