বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ক্রিকেটার এহসানুল হক ওরফে শাহিন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুনুর রশিদ ওরফে গিট্টু মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। মামুন বগুড়া শহরের ফুলবাড়ী এলাকার বাসিন্দা।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, এলাকাবাসীর সহযোগিতায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ডাকুর চক নয়া নদী শ্মশানঘাট এলাকা থেকে ডিবি পুলিশ মামুনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
ফুলবাড়ী এলাকার স্থানীয় তিন-চারজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, একাধিক হত্যা মামলার আসামি হয়েও এত দিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন গিট্টু মামুন। এই সুযোগে ফুলবাড়ী এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড চালাতেন তিনি। কয়েক দিন আগে মামুন স্থানীয় দুই যুবকের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গত বৃহস্পতিবার বিকেলে ডাকুরচক শ্মশানঘাট এলাকা থেকে চাপাতিসহ মামুনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ডিবি পুলিশের সদস্যরা এসে মামুনুকে গ্রেপ্তার করেন।
বগুড়ার ডিবি পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ১৯৯৬ সালের ১ আগস্ট আলতাফুন্নেছা খেলার মাঠে ক্রিকেট খেলতে গিয়ে খুন হন ক্রিকেটার এহসানুল হক। এ ঘটনায় ওই দিনই রাজশাহীর দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালতে হত্যা মামলা হয়। চলতি বছরের ৮ জানুয়ারি এ মামলায় মামুনসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই মামুন পলাতক ছিলেন। শাহীন হত্যা মামলা ছাড়াও ২০১৩ সালের বগুড়া সদর থানার একটি হত্যা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল তাঁর নামে।