যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ট্রাক ছিনতাই চক্রের প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর থানায় হওয়া একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি। শুরু থেকেই ছিলেন পলাতক। কিন্তু পালিয়ে থেকেও তিনি বসে থাকেননি। চোরাই চক্রের বসতি গড়েছেন আশুলিয়ায়। কিন্তু পুলিশকে ফাঁকি দিলেও এড়িয়ে যেতে পারেননি কয়েকজন সাধারণ ব্যবসায়ীর চোখ। তাঁরাই তাঁকে পুলিশের হাতে তুলে দেন। গ্রেপ্তারের পর পুলিশ আগের মামলার কথা জানতে পারে।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম দুলাল প্রামাণিক (৪০)। গ্রামের বাড়ি বগুড়ার শেরপুরে। বর্তমানে তিনিসহ তাঁর কয়েকজন সহযোগী আছেন কারাগারে।

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি গাজীপুরের শ্রীপুরের ‘মেসার্স শুকতারা ট্রান্সপোর্ট এজেন্সি’ ও ‘আল্লাহর দান ট্রান্সপোর্ট এজেন্সি’র ভাড়া নেওয়া দুটি ট্রাকভর্তি টাইলস ও মুরগির খাবার নিয়ে পালিয়ে যান দুই চালক। টাইলস কক্সবাজারে ও মুরগির খাবার ফরিদপুরে নিয়ে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় ৭ ফেব্রুয়ারি শ্রীপুর থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু পুলিশের ওপর নির্ভর না করে মালামালের সন্ধানে মাঠে নেমে পড়েন পরিবহন কর্মকর্তারা।

শুকতারা ট্রান্সপোর্টের ব্যবস্থাপক জহির উদ্দিন বলেন, ‘ঘটনার তিন-চার দিন পর একটি সূত্রের মাধ্যমে জানতে পারি, দুটি ট্রাকসহ নাদিম মাহমুদ নামের এক চালক বগুড়ার শাহজাহানপুরে অবস্থান করছেন। পুলিশকে সঙ্গে নিয়ে সেখান থেকে ট্রাক দুটিসহ নাদিমকে আটক করা হয়।’ নাদিমের স্বীকারোক্তি অনুযায়ী, গাজীপুর চৌরাস্তা থেকে শ্যামল বাবু নামের আরেকজনকে আটক করা হয়। শ্যামল জানান, তিনি একটি চোরাই চক্রের সদস্য। তাঁরা চালক সেজে ট্রাকে মালামাল বহন করার কথা বলে লুট করেন। এই চক্রের প্রধান দুলাল প্রামাণিক।

জহির আরও বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাতে আশুলিয়ার জিরানী বাজার থেকে দুলাল, আরেক ট্রাকের চালক বাবু ওরফে মিলনসহ কয়েকজনকে আটক করা হয়। দুলালের বাসা থেকে ভুয়া পরিচয়পত্র, বেশ কয়েকজন চালকের ছবি, মামলার কাগজপত্রসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। পরে রাজধানীর আগারগাঁও তালতলা থেকে কিছু চোরাই টাইলস এবং বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে মুরগির কিছু খাবার উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুলালসহ কয়েকজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়।  মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, ২০০৪ সালের ৮ জুন নারী পাচারের অভিযোগে বগুড়ার শেরপুর থানায় দুলালসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। ওই মামলায় দুলালসহ চারজনের যাবজ্জীবন সাজা হয়েছে। চুরির অভিযোগে গ্রেপ্তারের পর এ তথ্য পাওয়া যায়।

শেরপুর থানার এসআই ফারুক হোসেন বলেন, ভুয়া ঠিকানা দিয়ে এক নারীকে বিয়ে করে পাচারের অভিযোগে শেরপুর এলাকার আবু জাল ফকির নামের এক ব্যক্তি মামলাটি করেছিলেন। তবে ওই নারীকে আর খুঁজে পাওয়া যায়নি বলে তিনি শুনেছেন।