যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের সদস্য হায়াত আলী খুন-গুম মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি চরমপন্থী সদস্য কাওছার আলীকে (৫০) গ্রেপ্তার করেছে। শুক্রবার মধ্য রাতে খালু শ্বশুর ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শ্রীপুর গ্রামের রমজান বিশ্বাসের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের আজমত আলীর ছেলে। পুলিশ জানায়, ১৯৯৯ সালে চরমপন্থী সংগঠন বাংলার কমিউনিস্ট পার্টির (লাল্টু গ্রুপ) সদস্যরা সদর উপজেলার শংকরচন্দ্র ইউপি সদস্য হায়াত আলীকে বাড়ি থেকে অপহরণ করে খুনের পর লাশ গুম করে। ওই মামলায় ২০০৭ সালের ৪ নভেম্বর চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোতাহার হোসেন কাওছার আলীকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, কাওছার চরমপন্থী সংগঠন বাংলার কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তাঁর নামে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানায় অপহরণ, খুন ও গুমের ঘটনায় পাঁচটি মামলা ও দুটি সাধারণ ডায়েরি রয়েছে।