যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি নেতা যশোরে গ্রেপ্তার
নড়াইল শহরে সিরিজ বোমা হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জঙ্গি সংগঠন ‘তাওহীদের ডাক’-এর শীর্ষনেতা সাইফুজ্জামান প্রবালকে (৩১) গত শনিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে।গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬-এর একটি দল বেনাপোলের কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম, পিস্তলের একটি ম্যাগাজিন ও কয়েকটি জিহাদি বই উদ্ধার করা হয়।সাইফুজ্জামান প্রবাল সদর উপজেলার লস্করপুর গ্রামের গোলাম নবীর ছেলে। বোমা হামলার পর থেকে তিনি নিজ এলাকা ছেড়ে পাখি ব্যবসায়ী পরিচয়ে সাইফুল্লাহ বোখারী নাম ধারণ করে বেনাপোলের কাগজপুকুর এলাকায় বসবাস শুরু করেন।র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এ বি এম জাহিদুল করিম বলেন, সাইফুল্লাহ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সক্রিয় কর্মী। সংগঠনটি নিষিদ্ধ করা হলে ‘তাওহীদের ডাক’ নামে আরেকটি জঙ্গি সংগঠন আত্মপ্রকাশ করে। সাইফুল্লাহ ওই সংগঠনের বেনাপোলের শীর্ষ নেতা। পাখি ব্যবসার আড়ালে তিনি ভারত থেকে চোরাই পথে অস্ত্র এনে তাঁর দলের কর্মীদের হাতে তুলে দিতেন।র্যাব সূত্র জানায়, ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা হয়। সেই হামলার অংশ হিসেবে নড়াইল শহরেও বোমা হামলা চালানো হয়। ওই হামলার পর থেকে সাইফুল্লাহ পলাতক ছিলেন।