যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি অ্যাপোলো গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহের মোহাম্মদ মুর্তজা এহসান ওরফে অ্যাপোলো বিশ্বাসকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১০টার দিকে ফরিদপুর শহরের আলীপুর মহল্লার বান্ধবপল্লি এলাকা থেকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
সাংবাদিক গৌতম হত্যা মামলার ১০ আসামির মধ্যে নয়জনকে গত ২৭ জুন দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় দেন। রায়ের দিন আটজন আসামি আদালতে হাজির ছিলেন। অ্যাপোলো পলাতক ছিলেন। আরেক আসামি জাহিদ খান (৩৩) পলাতক অবস্থায় ২০০৬ সালের ১২ অক্টোবর হূদেরাগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান।
ওই দিন (২৭ জুন) অ্যাপোলোর অবর্তমানে এ মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আদালত একই সঙ্গে পলাতক অ্যাপোলোর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে বলেন, অ্যাপোলো গ্রেপ্তার হওয়ার দিন থেকে তাঁর সাজা ভোগ শুরু হবে। ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, অ্যাপোলোকে গতকাল মঙ্গলবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ নভেম্বর দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো কার্যালয়ে (শহরের সরণি সুপার মার্কেটের তৃতীয় তলা) পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক গৌতম দাসকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওই দিনই সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি হাসান উজ জামান ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৬ সালের ২০ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম নবী অ্যাপোলোসহ ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ হত্যা মামলা ২০০৬ সালের ২৮ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ স্থানান্তর করা হয়।