যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ বন্দীর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ জন বন্দী সরকারের বিশেষ বিবেচনায় মুক্তি পেয়েছেন। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে গত রোববার রাতে পাঠানো কারা অধিদপ্তরের এক ফ্যাক্স আদেশে ২০ বছর ও তদূর্ধ্ব সাজা ভোগকারী এ কারাগারের ১৮ জন বন্দীকে বিশেষ বিবেচনায় মুক্তির নির্দেশবার্তা পাঠানো হলে গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকতা শেষে তাঁদের মুক্তি দেওয়া হয়।গতকাল সোমবার ভোরে এসব বন্দীকে মুক্তির খবর জানানো হলে তাঁরা অনেকেই মুক্তির আনন্দে কান্নায় ভেঙে পড়েন বলে কারা কর্তৃপক্ষ জানায়। বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের মুক্ত করে প্রধান ফটকের বাইরে আনা হয়।মুক্তিপ্রাপ্ত বন্দীরা হলেন: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মুনসুর আলী, আবদুর রাজ্জাক, আবদুল মালেক, আবদুল কাদির, আবদুল করিম, গজনবী শিকদার ও আবদুল মজিদ; ভালুকা উপজেলার জব্বার আলী, ঝুমুর আলী ও মানিক; নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মহিউদ্দিন বাচ্চু ও আবদুর রহিম; নেত্রকোনা উপজেলার আবদুল লতিফ, আবুল কাশেম ও আবদুল মোতালেব; আটপাড়া উপজেলার তাহের উদ্দিন, জামালপুর জেলার সদর উপজেলার শহীদ এবং কিশোরগঞ্জের হোসেনপুরের গেদু মিয়া।গতকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে গিয়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষমাণ ১৮ জনের সঙ্গে কথা হয়। তাঁরা তাঁদের জেলের বাইরে ও ভেতরের জীবন, সাজার কারণসহ বিভিন্ন বিষয় প্রথম আলোর কাছে তুলে ধরেন।কারাগারের কারারক্ষী থেকে জেলার পর্যন্ত সবার কাছে তিনি পরিচিত ‘ঝুমুর চাচা’ নামে। ছেলের বউকে জবাই করে হত্যার অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢাকুরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা ঝুমুর আলী (৬৮)। গতকাল সোমবার গাজীপুর জেলার কাশিমপুর কারাগার থেকে একই মামলার সাজাপ্রাপ্ত আসামি তাঁর স্ত্রী আমেনা খাতুনও মুক্তি পেয়েছেন। ঝুমুর আলী বলেন, ‘একসঙ্গে স্বামী-স্ত্রী দুজন মুক্তি পাচ্ছি, নিঃসন্দেহে আনন্দ লাগছে। আইনের চোখে দোষী হয়ে সাজা পেয়েছি, কিন্তু ওপরওয়ালা আছেন, আমরা খুন করিনি।’ মেয়ের জামাই মোখলেছুর রহমান বলেন, ‘আমার শাশুড়িকে আনতে স্ত্রীর বড় ভাই কাশিমপুর গিয়েছেন। আজ আমাদের পরিবারে ঈদের দিন।’ কারারক্ষীরা জানান, ঝুমুর আলী বিভিন্ন দিবসে নাটকে অভিনয় করায় সবার কাছে প্রিয় ছিলেন। সবাই তাঁকে ‘ঝুমুর চাচা’ বলে ডাকত।ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সবার কাছে ‘রাজপুত্র’ নামে সুপরিচিত নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তাহের উদ্দিন (৪৬)। বিশেষ দিবসে তিনি নাটকে অভিনয় করে সবার কাছেই সুপরিচিত ও সমাদৃত।তাহের উদ্দিন জানান, চট্টগ্রামের আগ্রাবাদে এক দোকানের কর্মচারী হিসেবে কাজ করার সময় পাশের বাসার শেফালী নামে একজনের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। শেফালী তিন মাস পর তাঁর বড় বোনের সঙ্গে বন্দরটিলা এলাকায় চলে যান। সে সময় একদিন শেফালীর লাশ মৃত অবস্থায় পাওয়া গেলে তাঁর বড় বোন তাহের উদ্দিনকে আসামি করে মামলা করলে তিনি গ্রেপ্তার হন। ‘এলাকার একজনের সঙ্গে বিরোধ থাকায় চক্রান্ত করে এ মামলায় আমাকে ফাঁসিয়ে দিয়েছে।’ দাবি করে তিনি আরও বলেন, ‘প্রায় ২০ বছরের জেলজীবনে কেবল শেফালীর কথাই ভেবেছি, শেফালীকে এ জীবনে পাইনি। তাঁকে কারা মেরেছে, তা-ও আমি জানি না।’ তাহের উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আর বিয়ে! যৌবনে ভালোবাসার মানুষটাকে হারিয়েছি, বিনা কারণে জেল খেটেছি। আর সংসার করে কী হবে!’ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মো. জান্নাত উল ফরহাদ বলেন, জেলে সাশ্রয়, দায়িত্বপালন, জল্লাদের ভূমিকা পালন, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কাজের পুরস্কারস্বরূপ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা ৩০ বছরের মধ্যে ২২ বছর সাত মাস জেল খাটার পর সরকারের বিশেষ বিবেচনায় মুক্তি পান। এবার কারাগারের ১৮ জনের জন্য সুপারিশ করা হয়েছিল।