ভারতীয় নাগরিক জিবরান তায়েবী হত্যা মামলায় আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইয়াছিন রহমান টিটুর করা আবেদনের (রিভিউ) ওপর শুনানি শেষ হয়েছে। এখন যেকোনো দিন রায় ঘোষণা হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এস এম কামরুল হাসান। টিটুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রোকনউদ্দিন মাহমুদ।
পরে মো. মোমতাজ উদ্দিন ফকির বলেন, পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ বিষয়টি সিএভি রেখেছেন, এখন যেকোনো দিন রায় ঘোষণা করা হবে। তিনি বলেন, ২০১২ সালের ১ আগস্ট আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ওই হত্যা মামলায় টিটুর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। এরপর টিটু ওই বছরের ১১ নভেম্বর রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন করেন। এরপর আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে ২০১৪ সালে ওই রিভিউ আবেদনটি করেন।
আইনজীবী সূত্র বলেছে, চট্টগ্রাম সেন্ট্রাল মেরিটাইম (বিডি) লিমিটেডের প্রিন্সিপাল রিপ্রেজেনটেটিভ জিবরান তায়েবীকে ১৯৯৯ সালের ৯ জুন অফিস থেকে বাসায় ফেরার পথে আগ্রাবাদের শেখ মুজিব রোডে গুলি করে হত্যা করা হয়। ওই সময় জিবরান স্ত্রী তিতলী নন্দিনীকে নিয়ে চট্টগ্রামে অবস্থান করছিলেন। আসামি টিটু কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ছেলে।