যাবজ্জীবনের অর্থই হলো যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে একধরনের বিভ্রান্তি রয়েছে। এটা নিয়ে অপব্যাখ্যাও রয়েছে। যাবজ্জীবনের অর্থই হলো যাবজ্জীবন।

আজ রোববার দুপুরে গাজীপুরে কাশিমপুর কারাগার পরিদর্শন করে প্রধান বিচারপতি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারুজ্জামান, জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার হারুন অর রশীদ ও কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, যুদ্ধাপরাধীসহ অনেক মামলার রায় তিনি দিয়েছেন। বঙ্গবন্ধু হত্যা মামলায় কিছু ত্রুটি ছিল, সেগুলো তিনি সংশোধন করেছেন। তিনি আরও বলেন, ‘জেল হত্যা মামলায় দুঃখজনক হলেও সত্যি, আমি একাই ডিসেনটিং রায় দিয়েছিলাম। সেখানে ষড়যন্ত্র ছিল, প্রমাণিত হলো। ষড়যন্ত্রের জন্য তাদের শাস্তি হলো না, আমি স্তম্ভিত হলাম। পরিকল্পিতভাবে হত্যার জন্য যারা পরিকল্পনা করেছে, তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত।’

এর আগে প্রধান বিচারপতি কারাগারে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি কারাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং বন্দীদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আপিলের রায়ে আপিল বিভাগ বলেছেন যে জেলকোড ও দণ্ডবিধি অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড হলে বাংলাদেশে আসামিকে ৩০ বছর কারাগারে থাকতে হয়। যদিও বিশ্বের বিভিন্ন দেশে দণ্ডবিধি ও জেলকোড সংশোধন করে যাবজ্জীবন কারাদণ্ড বলতে আমৃত্যু কারাদণ্ড করা হয়েছে। বাংলাদেশের জেলকোড ও দণ্ডবিধি সেকেলে হয়ে গেছে, এগুলোর সংশোধন দরকার। দেলাওয়ার হোসাইন সাঈদীর যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ হচ্ছে তাঁকে আমৃত্যু কারাগারে থাকতে হবে।

প্রধান বিচারপতি আজ কাশিমপুর কারাগার পরিদর্শনে গিয়ে বলেন, ‘একজন বিচারপতিকে বিচার করতে গিয়ে অনেক কিছু বিবেচনা করতে হয়। আমাদের জেল কোড অনেক পুরোনো। এটা নিয়ে ব্রিটিশ আমলে অনেক জগাখিচুড়ি হয়েছে।’