যাবতীয় প্রস্তুতি সম্পন্ন, ৬০ কেন্দ্র গুরুত্বপূর্ণ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের জন্য নগরের ১০০টি কেন্দ্রের ৬১৪টি কক্ষ প্রস্তুত করা হয়েছে। ১০০টি কেন্দ্রের মধ্যে ৬০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ না বলে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলা হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করার জন্য এক হাজার ৯৪২ জনবল নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য একজন প্রিসাইডিং কর্মকর্তা এবং প্রতি কক্ষের জন্য একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর সঙ্গে থাকবেন দুজন পোলিং এজেন্ট।
রিটার্নিং কর্মকর্তা জানান, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ছবি দেখে ভোটার শনাক্ত করা হবে। তার পরও ভোট জাল বা কারচুপির চেষ্টা করা হলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি: বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সামসুদ্দিন জানান, ভোটারদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাড়ে চার হাজার পুলিশসহ নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবে।
পুলিশ ও কোস্টগার্ডের ৬০টি ভ্রাম্যমাণ দল কাজ করবে। ১৩টি স্ট্রাইকিং ফোর্স, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ২৮টি ভ্রাম্যমাণ দল মাঠে থাকবে। এর সঙ্গে আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। থাকবে বিজিবি সদস্যদের ৯৬ জন।
জেলা প্রশাসক মো. শহীদুল আলম প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় পাঁচ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।
প্রচারণা শেষ: প্রচারণার শেষ দিনে তিন মেয়র পদপ্রার্থীর দুজন ব্যস্ত ছিলেন অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন আয়োজনে। তবে এরই মধ্যে চলেছে জনসংযোগ। মিছিল, সভা-সমাবেশ, শোভাযাত্রাও চলেছে, নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী যা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী আহসান হাবিব নগরের অশ্বিনীকুমার হলের পাশে বিএনপির কার্যালয়ের সামনের চত্বরে কর্মী-সমাবেশের নামে আয়োজিত জনসভা করেন।
সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহম্মদ, সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শাহজাহান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ মজিবর রহমান সরোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।