যবিপ্রবিতে শিগগিরই শুরু হবে করোনা পরীক্ষা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার গবেষণাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই। স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় গবেষণাগারে করোনাভাইরাসের ২০০টি নমুনা পরীক্ষা করে ফল জানানো সম্ভব বলে বলা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল কমিটি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, কোভিড-১৯–এর সভাপতি ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা আজ শনিবার রাত সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগির পরীক্ষার কাজ শুরু করা হবে। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে যশোরের সিভিল সার্জন গবেষণাগারটি পরিদর্শন করেছেন।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ‘করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ডিমান্ড (চাহিদা) জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাকে ফোন করা হয়েছিল। আমি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার পরিদর্শন করে সেটা জানিয়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সম্মতি ও চাহিদার কথা জানিয়ে এ বিষয়ে অধিদপ্তরে একটি চিঠিও পাঠিয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন আজ রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনীয় কিট, নমুনা ও পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) সরবরাহ করা হলে ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে করোনাভাইরাসের ২০০টি নমুনা পরীক্ষা করে ফল জানানো সম্ভব হবে বলে স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। এ বিষয়ে আজ শিক্ষামন্ত্রী দীপু মনি ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা আমার সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। আশা করছি, শিগগিরই আমাদের ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হবে।’
সারা দেশে যখন করোনাভাইরাস পরীক্ষার আধুনিক যন্ত্র, উচ্চ মানের গবেষণাগার ও দক্ষ লোকবল সংকটের কথা বলা হচ্ছিল, তখন গত সপ্তাহে যশোরে ২৪ ঘণ্টায় ২০০টি করোনা পরীক্ষার সক্ষমতার কথা শোনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার গবেষণাগারটি করোনা পরীক্ষার জন্য মানসম্পন্ন দাবি করে কর্তৃপক্ষ জানায়, করোনা পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ লোকবল তাদের রয়েছে। যেকোনো মুহূর্তে পরীক্ষার কিট ও নমুনা সরবরাহ করলে এক দিনেই শনাক্তের ফল জানানো যাবে।
এরপর যশোরের মানুষ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে করোনা পরীক্ষার দাবি তোলেন। এ নিয়ে আজ শনিবার যশোর প্রেসক্লাবের সামনে বামপন্থী পাঁচটি রাজনৈতিক দলের ব্যানারে মানববন্ধনও করা হয়।
উপাচার্য আনোয়ার হোসেন জানান, তাঁদের জিনোম সেন্টারে একটি রিয়েল-টাইম পিসিআর যন্ত্র রয়েছে, যেখানে ৯৬টি নমুনা একবারে পরীক্ষা করা যায়। আরও দুটি পিসিআর যন্ত্র রয়েছে, যেগুলো সাধারণ বা কনভেনশনাল। জিনোম সেন্টারটি বায়োসেফটি লেভেল-২ মানের, যেখানে জিনোম সিকোয়েন্সের সব ধরনের ব্যবস্থা আছে।