যাযাবর জীবনে সৌর বিদ্যুতের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও সদরের সেগুনবনে তাঁবু ফেলেছে ১৯টি যাযাবর পরিবার। সেখানে সৌরবিদ্যুতে চলছে টেলিভিশন আর বৈদ্যুতিক পাখা। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
ঠাকুরগাঁও সদরের সেগুনবনে তাঁবু ফেলেছে ১৯টি যাযাবর পরিবার। সেখানে সৌরবিদ্যুতে চলছে টেলিভিশন আর বৈদ্যুতিক পাখা। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

জীবিকার জন্য পথে পথে ছুটে বেড়াতে হয় তাঁদের। যেখানে সুযোগ পান, সেখানেই তাঁবু ফেলে কাটিয়ে দেন দিনের পর দিন। তাঁবুর বাসিন্দাদের কুপি আর হারিকেনের টিমটিমে আলোতেই সেরে নিতে হতো রাতের কাজ। আর এখন রাতের আঁধারেও সেসব তাঁবু থাকছে আলোঝলমলে। সেখানে চলছে রেডিও, টেলিভিশন আর বৈদ্যুতিক পাখা। যাযাবর জীবনে আধুনিক এসব প্রযুক্তির ছোঁয়া এনে দিয়েছে সৌরবিদ্যুৎ।
ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর এলাকার সেগুনবনে তাঁবু ফেলেছে যাযাবর পরিবার। দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সাভারের পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা। একজন সর্দারের নেতৃত্বে তাঁরা দেশের বিভিন্ন জায়গায় যাযাবরের মতো ঘুরে বেড়ান। দলটির পুরুষ ও নারীরা ঘুরে ঘুরে তাবিজ বিক্রির পাশাপাশি সাপ ধরা, সাপ বিক্রি, সাপের কামড়ের বিষ নামানো, ঝাড়-ফুঁক, সাপ-বানর-বেজির খেলা দেখিয়ে আয় করেন। তাঁবু খাটানোর পর আয় বিবেচনা করে এলাকায় কয় দিন থাকবেন, তা সর্দার সিদ্ধান্ত নেন। রোজগার কমে আসতে থাকলে তাঁরা আবার তাঁবু গুটিয়ে চলে যান সুবিধামতো অন্য জায়গায়। এভাবে বছরের নয় মাসের ভাঙাগড়ার খেলা শেষে ফিরে যান স্থায়ী ঠিকানায়। সেখানে মাস তিনেক অবস্থানের পর আবার শুরু হয় যাযাবর জীবন।
গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সেগুনবনে ১৯টি তাঁবু খাটোনো হয়েছে। তাঁবুর আশপাশে খেলছে শিশুর দল। সে সময় খেলায় ব্যস্ত মুন্নি (৬) বলে, ‘দলের বড়রা সবাই কাজে গেছেন। কাজ শেষ হলেই ফিরে আসবেন। কিছুক্ষণের মধ্যে একে একে ফিরতে শুরু করলেন তাঁবুর বাসিন্দারা। নারীরা ফিরেই ব্যস্ত হয়ে পড়লেন রান্নাবান্নায়।
রান্নার কাজে ব্যস্ত সুমি বেগম গরমে হাঁফিয়ে উঠেছিলেন। রান্নার এক ফাঁকে তাঁবুতে গিয়ে বৈদ্যুতিক পাখার বাতাসে নিজেকে কিছুটা জুড়িয়ে নিলেন। ফিরতে ফিরতে পাশের তাঁবু থেকে ভেসে আসা গানের সঙ্গে তাল মিলিয়ে গাইতে গাইতে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। সুমি জানালেন, ‘আগে তাঁদের জীবনটা অনেক কষ্টের ছিল। রাতে তাঁবু অন্ধকার থাকত। আর এখন সারা রাত সৌরবাতির আলো জ্বলে। গরমে বৈদ্যুতিক পাখা চলে, টেলিভিশনে সিনেমা উপভোগ করেন। মুঠোফোনের ব্যাটারিও সহজে চার্জ নেওয়া যাচ্ছে।’
সুমির কথা শেষ না হতেই তাঁবুতে ফিরে এলেন দলের সর্দার মো. আইনাল হক (৪২)। তিনি বলেন, ‘আইজ থেকে ১৫ দিন আগে এ এলাকাতে আইছি। আয়-রোজগার মোটামুটি, তয় আগের মতো নাই। কেরোসিনের বাতি জ্বালাতে কষ্ট হয়। বাতাস আইলে নিভা যায়। এ ছাড়া তাঁবুতে আগুন লাগারও ডর থাকে। সোলারের অনেক সুবিধা, তাই কিনেছি। ছয়টা সৌরবিদ্যুতের প্যানেল তাঁদের ১৯টি তাঁবুর বিদ্যুতের প্রয়োজন মেটাচ্ছে।’ যাযাবর দলের সদস্য মো. আলম। তিনি বলেন, ‘২ হাজার ২৫০ টাকায় ৪০ ওয়ার্ডের একটা সোলার প্যানেল কিনছি। সেটা দিয়া রাতের বেলায় এলইডি লাইটের বাতি জ্বালানো, খাঁচা ফ্যান, টিভি চালানো ও মুঠোফোনের ব্যাটারি চার্জ চলে। মানুষ এখন আগের মতো সাপ খেলা দেখে আনন্দ পায় না, ঝাড়-ফুঁকেও আস্থা কমে গেছে। ফলে আয় কমে এসেছে। তাই তিনি ছেলেমেয়েদের পড়ালেখা করান। রাতে ছেলেমেয়েদের পড়ান। তখন সৌরবাতি কাজে লাগে।’
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৈমুর রহমান বলেন, ‘যাযাবরেরা আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির সুফল নিচ্ছে। তারা নিজেদের প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করছে। আমি বিশ্বাস করি, এ অনুভব থেকেই আর কিছুদিনের মধ্যে তারা দেশের মূল স্রোতধারার সঙ্গে এক হয়ে যাবে।’