কাকডাকা ভোরে চোখ কচলাতে কচলাতে শিশুরা নিজ নিজ তাঁবু থেকে বেরিয়ে বই-খাতা-কলম হাতে ছুটছে পাঠশালার দিকে। এ পাঠশালা অন্য সব পাঠশালার মতো নয়। এখানে নেই কোনো ঘর, দরজা-জানালা, চেয়ার-টেবিল। যাযাবর সর্দারের তাঁবুর সামনের ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে চটে বসে শিশুরা। সেখানেই চলে তাদের পাঠদান। শিক্ষক যাযাবর দলের সর্দার, নাম ফাতোয়ার হোসেন (৩৫)।জীবিকার সন্ধানে বছরের ১২টি মাসই ঠিকানাহীন ছুটে চলতে হয় যাযাবরদের। যখন যেখানে তাঁবু খাটানো হয়, সেখানেই স্থানান্তরিত হয় পাঠশালা। সেখানে বসেই যাযাবর শিশুরা চিনছে বাংলা বর্ণমালা। ঠিকানাহীন এ জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করতে ১২ বছর ধরে নিরলস পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাযাবর সর্দার ফাতোয়ার হোসেন।ভাঙাগড়ার জীবন: যাযাবর দলটির আদি বাড়ি ঢাকার সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুড়াবাড়ি এলাকার বেদে পল্লিতে। পল্লির ২০টি পরিবারের ৮০ জন সদস্য ফাতোয়ারের নেতৃত্বে দেশের নানা স্থানে ঘুরে বেড়ায়। দলটির পুরুষ ও নারী সদস্যরা গ্রাম-গঞ্জে, শহর-বন্দরে ঘুরে সাপ ধরা, সাপের বিষ নামানো, সাপ বিক্রি ছাড়াও সাপ-বেজি ও বানরের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করেন। একেকটি এলাকায় তাঁবু খাটিয়ে ১৫-২০ দিন থাকে তারা। রোজগারপাতি ভালো হলে এক মাস পর্যন্ত থাকে। এরপর তাঁবু গুটিয়ে চলে যায় অন্যত্র। এভাবে বছরজুড়ে চলে যাযাবরদের ভাঙাগড়ার খেলা। মাসখানেক আগে দলটি জয়পুরহাটের কালাই পৌরসভার থুপসারা মহল্লার একটি পুকুরপাড়ে আস্তানা গাড়ে। সেখানে কিছুদিন থাকার পর চলে যায় তারা।শুরু যেভাবে: শৈশবে যাযাবর জীবন মোটেও ভালো লাগত না ফাতোয়ারের। বইখাতা হাতে সমবয়সীদের স্কুলে যেতে দেখে মন খারাপ হতো তাঁর; মনে মনে স্কুলে যাওয়ার ইচ্ছা হতো। একদিন সমবয়সী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে যারপরনাই নাস্তানাবুদ হয়েছিলেন ফাতোয়ার। গাঁয়ের মাতবরেরা এসে সর্দারের কাছে নালিশ দিলেন সেদিন। ‘ছোটলোকের জাত’ হয়ে ফাতোয়ার গ্রামের ভদ্রলোকের ছেলেদের সঙ্গে মেলামেশার চেষ্টা করছে। তাই এ এলাকা থেকে তাঁবু গুটিয়ে চলে যেতে হবে তাদের। মাতবরদের ওই অন্যায় নির্দেশ তাঁর মনে ভীষণ দাগ কাটে। জেদ চাপে, পড়ালেখা করে তিনিও বড় হবেন। এরপর লুকিয়ে লুকিয়ে চলে বর্ণমালা শেখা। পরে নিজ এলাকায় একটি বিদ্যালয়ে ভর্তি হন তিনি। প্রাথমিক বিদ্যালয়ের পাঠ চুকিয়ে সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ১৯৯৮ সালে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন ফাতোয়ার। কলেজে ভর্তির ইচ্ছা থাকলেও দারিদ্র্য বাধা হয়ে দাঁড়ায়। বাবার অবর্তমানে দলের সর্দারির দায়িত্ব নিতে হয় তাঁকে। পড়াশোনা আর এগোয় না তাঁর। তাঁবু সামলানো, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, এত সব দায়িত্বের মধ্যেও একটি স্বপ্ন জেগে ওঠে সর্দার ফাতোয়ার হোসেনের মনে। প্রতিজ্ঞা করেন, যাযাবর এ দলের প্রতিটি শিশুকে তিনি শিক্ষার আলোয় আলোকিত করবেন। ১৯৯৮ সালেই ভাসমান পাঠশালার যাত্রা শুরু হয়।সর্দার ফাতোয়ার হোসেন জানান, এ পাঠশালায় বিশজন শিক্ষার্থী রয়েছে। প্রতিদিন সকালে ক্লাস বসে। আড়াই ঘণ্টা চলে পাঠদান। দুই বছর লেখাপড়া করার পর নিজ এলাকায় স্কুলে ভর্তি করা হয় শিশুদের।অভিভাবক ও বিশিষ্টজনদের কথা: যাযাবর দলের সদস্য রফিকুল ইসলাম, কুব্বাত আলী ও মনিরুল ইসলাম বলেন, সর্দার শুধু শিশুদের পড়ালেখা শেখান না। দলে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদক সেবন বন্ধ এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ও জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে সবাইকে উদ্বুদ্ধ করেন। কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রায়হান বলেন, ‘যাযাবর সম্প্রদায়ের শিশুদের আলোকিত করতে এ এক অনন্য উদ্যোগ। এ উদ্যোগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একদিন ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।’