যার হাতে মানুষ পোড়ে তার সঙ্গে বসার ইচ্ছা নেই: প্রধানমন্ত্রী

‘যার হাতে মানুষ পোড়ে, তার সঙ্গে বসার কোনো ইচ্ছা আমার নেই। বাংলাদেশ এমন কোনো রাজনৈতিক সংকটে পড়ে নাই বা এত রাজনৈতিক দৈন্যতায়ও পড়ে নাই যে একজন খুনির সঙ্গে বসতে হবে।’
জাতীয় সংলাপের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন। গতকাল রোববার তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি বসার যোগ্যতা তখনই অর্জন করবেন, যখন বলবেন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত। এটা আমরা সমর্থন করি। যে বিচার হচ্ছে তা সঠিক হচ্ছে। এদের সঙ্গ ছাড়তে বলেন আগে। তারপর ভেবে দেখা যাবে। তবে দয়া করে আমাকে ওই খুনির সঙ্গে বসতে অনুরোধ করবেন না।’
তিন দিনের নেদারল্যান্ডস সফরের বিষয়ে জাতিকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
ঢাকা ও আশুলিয়ায় তল্লাশিচৌকিতে দুই পুলিশ হত্যা, পুরান ঢাকায় তাজিয়া মিছিলে গ্রেনেড হামলা, একজন প্রকাশককে হত্যা ও আরেক প্রকাশকসহ তিনজনকে হত্যার চেষ্টা এবং তার আগে দুই বিদেশি নাগরিক হত্যা নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক সাংবাদিক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ অবস্থায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে সংলাপের প্রস্তাব দিয়েছেন সরকারকে।
গতকালের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সাংবাদিকদের এ-সংক্রান্ত সব প্রশ্নের সাবলীল ও খোলামেলা উত্তর দেন। সংলাপের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আপনি যদি কারও বাড়ি যান, আর সে যদি আপনার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে আপনাকে বাড়িতে ঢুকতে না দেয়, তাহলে আপনি আবার তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য গলাগলি করবেন?’ তিনি বলেন, ‘আমি রাজনীতি করলেও একজন মানুষ। আমার একটা দেশ আছে। আমার একটি দল আছে। আমার দলের সম্মানটাও বড়। আমি ওনাকে ফোন করেছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। সেই ফোন করে কী ধরনের কথা শুনতে হয়েছে, কত ঝাড়ি খেতে হয়েছে আপনারাই বলেন! যখন সত্যিকার অর্থে জাতীয় ঐকমত্য তৈরি করার সুযোগটা এসেছিল তখন উনি সাড়া দেন নাই। উনি নির্বাচন বানচাল করার জন্য শত শত মানুষ হত্যা করেছেন। ওনার কাছে গেলেই তো পোড়া মানুষের গন্ধ পাব।’
শেখ হাসিনা আরও বলেন, ‘ওনার ছেলে মারা গেল, আমি গেলাম। আমাকে বাড়িতে ঢুকতে দিল না। যখন জাতির প্রয়োজন ছিল (সংলাপ) তখন তার কাছ থেকে সাড়া আসল না। আর যাদের তার প্রতি এখনো এত দরদ তাদের আমি বলব, যেসব মানুষ পুড়িয়ে মারা হয়েছে, তাদের ফেরত দেওয়া হোক, তাদের জীবনটা ফিরিয়ে দিক। যারা এখনো পঙ্গু তাদের সুস্থ করে দিক। তারপর ভেবে দেখব।’ তিনি বলেন, ‘আমি অনেক সহ্য করেছি। ১৫ আগস্টের ঘটনা, খুনি রশিদকে এমপি করে সংসদে বসানো, খুনি হুদাকে সংসদে কে বসিয়েছেন? খালেদা জিয়া বসিয়েছিল। এই আত্মস্বীকৃত খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে জিয়াউর রহমান পুরস্কৃত করেছিল। তারপরও রাজনীতির স্বার্থে, দেশের স্বার্থে আমি বসেছি এদের সঙ্গে।’
আইএস নিয়ে প্রচণ্ড চাপ: সরকারবিরোধী দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র, চক্রান্ত আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, চক্রান্তকারীদের বহু পরিকল্পনা আছে। তারা আরও বেশিদূর যেতে চায়। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এ ষড়যন্ত্রের সঙ্গে এ দেশের কিছু মানুষ সম্পৃক্ত।
বর্তমান পরিস্থিতি বর্ণনা করে একজন সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশ অনিরাপদ কি না? জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশে বিভিন্ন ঘটনা ঘটছে। বাংলাদেশকে কোনোমতে অনিরাপদ ঘোষণা করা; বাংলাদেশে আইএস আছে, জঙ্গি আছে—যদি এ ধরনের কিছু স্বীকার করানো যায়, তাহলে বাংলাদেশের ওপর তারা হামলে পড়তে পারে। প্রচণ্ড চাপ আছে, কেন স্বীকার করি না।’ তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘আমরা যদি সচেতন না হই, তাহলে সর্বনাশ হবে। সিরিয়া, ইরাক, মিসর, পাকিস্তান, আফগানিস্তানের মতো পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হোক তা আমাদের কারও কাছে কাম্য নয়। বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হিসেবে থাকতে চায়।’
গত ৫ জানুয়ারি নির্বাচন ঠেকানো এবং এ বছরের প্রথম তিন মাস সরকার পতনের জন্য বিএনপি-জামায়াতের সহিংস কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, এসব করার পরও যখন দেখেছে কিছু করা যাচ্ছে না, তখন একটি শ্রেণি নেমে পড়েছে গুপ্তহত্যায়। এর মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা। বাংলাদেশে আইএস আছে বা জঙ্গি আছে—যদি এ ধরনের একটি স্বীকৃতি আদায় করতে পারে, আমাদের অবস্থাটা কী হবে? দেশের মানুষ কি একবার ভেবে দেখবেন? আজকে সিরিয়াতে কী হচ্ছে, ইরাকে কী হচ্ছে? আফগানিস্তান-পাকিস্তানের ঘটনাই কি একবার চিন্তা করেছেন? এসব জায়গায় যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে আসার একটি ষড়যন্ত্র আন্তর্জাতিকভাবে যেমন আছে, তেমনি আমাদের দেশের কিছু মানুষও এর সঙ্গে সম্পৃক্ত।
শেখ হাসিনা বলেন, ‘বিশ্বের দিকে তাকালে দেখব, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে। কিন্তু খেলছেটা কে? সুতাটা কার কাছে? এ ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে। আমরা চাই না এ ভূখণ্ড কেউ ব্যবহার করুক। কথা স্পষ্ট, আমরা দেখতে পাচ্ছি, কারা এসব করছে। যারা ধরা পড়ছে, কেউ ছাত্রজীবনে শিবির করেছে, কেউ বিএনপি করেছে। তারাই একেকটা ঘটনা ঘটাচ্ছে। এর বাইরে কিছু দেখছি না।’
শেখ হাসিনা বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ অনিরাপদ, অনিরাপদ বলে একটা কৃত্রিম আওয়াজ তোলার চেষ্টা হচ্ছে। আমাদের দেশের মানুষ তো এ ধরনের না। আমাদের মধ্যে সব সময় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে।’
সন্ত্রাসী হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলা-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘যারা বাংলাদেশকে অপবাদ দিতে চাচ্ছে বাংলাদেশ নিরাপদ নয়, তাদের সঙ্গে সুর মিলিয়ে দেশের বিপদ ডেকে আনতে চান? আমার কথাগুলো খুবই স্পষ্ট। কোনো প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান এভাবে বলবে না। কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি। আমি কাউকে পরোয়া ও ভয় করি না। আমি বাবা-মা, ভাই সব হারিয়েছি। তারপরও এ দেশে রাজনীতি করছি অনেক বাধা অতিক্রম করে।’ তিনি বলেন, ‘১৬ কোটি মানুষের দেশ। সেখানে একটা ঘটনা ঘটতেই পারে। যুক্তরাষ্ট্রে প্রতিদিন কত ঘটনা ঘটছে। সে তুলনায় বাংলাদেশ অনেক নিরাপদ।’
ভাইবার সাময়িক বন্ধের ইঙ্গিত: দেশে জঙ্গি অর্থায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কারা অর্থায়ন করছে, অবশ্যই আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি। এটা আমাদের কাছে কিছুটা পরিষ্কারও হয়েছে। অর্থায়ন করছে একটা দল। আর মাঠে খুন-খারাবি করছে আরেকটা দল। কিছু তথ্যও পেয়েছি।’
জঙ্গি অর্থায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরতে জটিলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল করেছি। এর শুভ ফলও যেমন আছে, খারাপ ফলও আছে। আমরা থ্রি-জি ও ফোর-জিতে চলে গেছি। এ কারণে জঙ্গিরা ইন্টারনেট, ভাইবার থেকে শুরু করে নানা ধরনের অ্যাপস ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। সে জন্য আমাদের চিন্তাভাবনা আছে, যদি খুব বেশি ব্যবহার করে হয়তো একটা সময়ের জন্য বা কিছুদিনের জন্য বন্ধ করে দেব। এই লিংকগুলো (জঙ্গি অর্থায়নের সূত্র) যাতে ধরা যায়।’
নাগরিকদের নিরাপত্তা দেওয়া হচ্ছে: লেখক, প্রকাশক, সাংবাদিক ও রাজনীতিকদের হত্যার তালিকা-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, তালিকা আছে। কিন্তু এটা তো জানেন, সব তালিকার শীর্ষে আমি আছি। আমি যখন ৮১ সালে দেশের মাটিতে পা দিই তখন তো খুনিরাই ক্ষমতায় ছিল। তখন আমার অবস্থা কী ছিল? বাড়ি ছিল না, একটা গাড়ি, আর্থিক সংগতি ছিল না। ২০০৭ সালে আমাকে বলা হয়েছিল, দেশে ফিরলে বিমানবন্দরে গুলি করে হত্যা করা হবে। পরোয়া করিনি। চলে এসেছি দেশের টানে, মাটির টানে। সরকারের যতটুকু নিরাপত্তা দেওয়ার তা দিচ্ছি। তবে প্রত্যেকের মনে সাহস থাকতে হবে। যেকোনো অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্র যেমন নিরাপত্তা দেবে, সেভাবে নিজেকেও সচেতন থাকতে হবে।’
ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু লিখবেন না: সরকারের কেউ কেউ লেখক-ব্লগারদের লেখালেখি বন্ধ রাখার পরামর্শ দিচ্ছেন। এতে মত প্রকাশের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়ছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম নিয়ে বিকৃত করে লিখলে, নোংরা লেখা লিখলে তা আমার সেন্টিমেন্টে লাগবে। হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ সব ধর্মের বিরুদ্ধে লিখলেও তাদের লাগবে। তাই লেখার ব্যাপারে সতর্ক থাকতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কথা যেন লেখা বা বলা না হয়। কেউ যদি ধর্ম মানতে না চান সেটা তার ব্যাপার। তার বিশ্বাস নিয়ে সে থাকবে। কিন্তু অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না। এটাই হচ্ছে মানবিক গুণ। বিকৃত লেখা কোনো মানবিকতা নয়।’ তিনি বলেন, ‘আমি খোলামেলা কথা বলি। আমি সব ধর্মকে সম্মান করি। কিন্তু আমি আমার ধর্ম পালন করি।’
অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ব্লগার হত্যাকারীরা ধরা পড়েনি তা ঠিক নয়। অনেকেই ধরা পড়েছে। যখনই যেটা ঘটেছে, সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত করছে, ধরছে। হত্যাকারীরা হত্যাকারী হিসেবেই চিহ্নিত হবে। এদের ধরা রাষ্ট্রের দায়িত্ব।
বিএনপি-জামায়াতের কেউ আ.লীগে যোগ দিতে পারবে না: আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘অনেক জায়গায় বিএনপি-জামায়াতের অনেকেই দলে ঢোকার চেষ্টা করছে। ঢুকেই খুন করে বলছে, এটা দলীয় কোন্দল। আমাদের যথেষ্ট লোকবল আছে, লোকজন আছে, সমর্থন আছে। বিএনপি-জামায়াতের লোকজনকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগে নেওয়া যাবে না। এরা যেসব অপরাধ করেছে, এরা মানুষের জাত না। অনেকে অনেক সময় গ্রুপ ভারী করার জন্য এদের নিয়ে নেয়। আমি সব সময় এটার বিরোধী। আজকের সংবাদ সম্মেলন থেকে বলছি, এই বিএনপি-জামায়াতের কেউ আমার দলে আসতে পারবে না। তাদের আমরা গ্রহণ করব না। এটা স্পষ্ট। এটা সকলকেই মেনে নিতে হবে।’
যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হবে: যুদ্ধাপরাধ ইস্যুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক বিবৃতির সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তাদের বক্তব্যকে গর্হিত বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা প্রতিবাদ করেছি। আরও প্রতিবাদ করব।...কোথায় কে কী বলল, কার পক্ষে সাফাই গাইল তাতে কিছু যায় আসে না। যুদ্ধাপরাধীদের আমরা চিনি। রায় হয়ে গেছে। কার্যকরও হবে।’
সংবাদ সম্মেলনের শুরুতে প্রথম এক দিনের ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে বিজয়ী হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এরপর লিখিত বক্তৃতায় তিনি ‘ডেল্টা প্ল্যান ২১০০’ নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।