যারা ইসলাম বোঝে না তারাই জঙ্গিবাদে লিপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা ইসলাম বোঝে না, তারাই জঙ্গিবাদে লিপ্ত হয়। ইসলামের নামে যারা মানুষের ক্ষতি করে, তারা ইসলামের শত্রু। চট্টগ্রামের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা এসব কথা বলেছেন। গতকাল শনিবার দুপুরে নগরের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে। এতে চট্টগ্রামের দুই শতাধিক ইমাম ও খতিব অংশ নেন।

সভায় ইমাম ও খতিবরা জঙ্গিবাদ ছড়ানোর অভিযোগে পিস টিভির অনুষ্ঠানে যোগ দেওয়া বাংলাদেশি বক্তাদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে পিস পাবলিকেশন, পিস স্কুল, পিস ক্লাবসহ জঙ্গিবাদের অভিযোগ ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ারও দাবি জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সন্দেহজনক লোকজনের আনাগোনার কারণে চট্টগ্রামের তিনটি মসজিদে বিশেষ নজর রাখার সিদ্ধান্তের কথা জানান নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার মো. কাজিমুর রশিদ। তিনি বলেন, কোতোয়ালি থানার মেহেদীবাগ এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) পরিচালিত মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং রহমতগঞ্জে গৃহায়ণ ও গণপূর্তের মসজিদে সন্দেহভাজন লোকজনের যাতায়াত রয়েছে।

সভায় কালুশাহ সিনিয়র আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম বলেন, ‘পিস টিভিতে বাংলাদেশি যাঁরা বক্তব্য দিতেন, তাঁরা আগে অনুষ্ঠান করতেন জামায়াত-নিয়ন্ত্রিত ইসলামী ও দিগন্ত টিভিতে। দুটি টিভি বন্ধ হয়ে গেল তাঁরা জায়গা করে নেন পিস টিভিতে। এখন পিস টিভি বন্ধ। তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’ প্রচলিত আইনে বিচারে দীর্ঘসূত্রতা হয় উল্লেখ করে তিনি বলেন, কোরআনে সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা বলা আছে। ইসলামের আলোকে তাদের (জঙ্গিদের) শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।

কাঠগড় ধানীপাড়া জামে মসজিদের খতিব রফিকুল ইসলাম বলেন, ‘শুধু পিস টিভি বন্ধ করলে হবে না, পিস টিভির সাথে সংশ্লিষ্ট পিস পাবলিকেশন, পিস স্কুল ও পিস ক্লাবও বন্ধ করতে হবে।’

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক ও নাজিরপাড়া জামে মসজিদের খতিব আবুল আসাদ মো. জোবাইর রেজভি বলেন, ‘সম্প্রতি বন্ধ করে দেওয়া পিস টিভির বক্তারা আহলে হাদিসের অনুসারী। তাঁরা এখনো টিভিতেও বক্তব্য দিচ্ছেন। যেসব টিভি তাঁদের বক্তব্য প্রচার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানাচ্ছি।’

ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রামের পরিচালক আবুল হায়াত মো. তারেক বলেন, চট্টগ্রামে ৯ হাজার ১০টি মসজিদ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ইসলামী ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী তৈরি করা জুমার খুতবা সব মসজিদে পৌঁছে দেওয়া হবে। আন্দরকিল্লা শাহি জামে মসজিদের ইমাম সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি বলেন, আলেমরা জন্মগতভাবেই সন্ত্রাসবিরোধী। ইসলামের সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। ইসলামের নামে যারা মানুষের ক্ষতি করে, তারা ইসলামের নামধারী শত্রু।

ইমাম ও খতিবদের ধর্মীয় নেতা উল্লেখ করে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘ইসলামের নামে জঙ্গি হামলার মাধ্যমে কিছু দেশ আমাদের পিছিয়ে রাখতে চাইছে। এই অবস্থায় আপনাদের কথা লোকে শুনবে। আপনারা সচেতন হলে দেশে কোনো সন্ত্রাস থাকবে না।’ তিনি বলেন, যেসব বক্তব্য বা প্রস্তাব এসেছে, তা সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। আর পিস টিভিতে কারা বক্তব্য রাখতেন সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।

সভায় আরও বক্তব্য দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক বুরহান উদ্দিন মো. আবু আহসান প্রমুখ।