যারা ক্ষমতাবান, তারাই দুর্নীতি করে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যারা ক্ষমতাবান, তারাই দুর্নীতি করে। এ ছাড়া সবাই দুর্নীতিতে নিমজ্জিত।
আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ১০৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। দুর্নীতি ও অনিয়মের তথ্য দুদককে জানানোর জন্য এ হটলাইন চালু করা হয়েছে। এ উপলক্ষে দুদকের মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদক সূত্রে জানা গেছে, কমিশনের অভিযোগকেন্দ্রের হটলাইন-১০৬ জনগণের সঙ্গে কমিশনের সেতুবন্ধ হিসেবে কাজ করবে। ১০৬ এর মাধ্যমে দুর্নীতি ঘটার পূর্বে, ঘটার সময় এবং ঘটার পরেও অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। দুর্নীতিতে আমরা সবাই নিমজ্জিত। সবাই যদি নিমজ্জিত না থাকত তাহলে দুর্নীতি হত না। যাদের ক্ষমতা আছে তারাই দুর্নীতি করে। যদি এতে সবাই অংশ না নেয় তাহলে দুর্নীতি হয় কীভাবে? পরোক্ষভাবে আমরা সবাই দুর্নীতিতে সম্পৃক্ত।
বাংলাদেশে দুর্নীতির সংস্কৃতি আগে ছিল না উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, এটা একটা গোপনীয়তার মধ্যে ছিল। একটু শরমের বিষয় ছিল। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও যাদের সেবা প্রদানের ক্ষমতা রয়েছে, তাদের মধ্যে অনেকেই দুর্নীতি করেন। এ ক্ষেত্রে সেবা প্রত্যাশীদেরকেও পরোক্ষভাবে দুর্নীতিতে জড়ানো হচ্ছে। তবে সেবা প্রত্যাশীরা যদি সম্মিলিতভাবে এতে অংশগ্রহণ না করেন তা হলে দুর্নীতি করা কঠিন হয়ে যাবে।
দুদকের প্রতি দুর্নীতির অভিযোগ ভালোভাবে তদন্তের পরামর্শ দিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, তদন্ত করবেন ভালো কথা। তবে জিহাদি হবেন না। জিহাদি হলে তদন্তের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। যে কোনো দুর্নীতির অভিযোগ ভালোভাবে তদন্ত করবেন। মনে রাখবেন পাবলিক সার্ভিসে যা যা করা প্রয়োজন তাই করবেন।
দুর্নীতি প্রতিরোধে প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। বিভিন্ন পেমেন্ট প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হওয়ায়, এ সব ক্ষেত্রে দুর্নীতি কমে এসেছে। তাই প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশে দুর্নীতি বড় সমস্যা মন্তব্য করে অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আজকের বাংলাদেশে দুর্নীতি একটি বড় সমস্যা। আমরা যারা রক্ষক, তাদেরই কেউ কেউ ভক্ষক হিসেবে পরিণত হয়েছি। তাই জনগণকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত করতে হবে।