যারা ক্ষমতাবান তারাই দুর্নীতি করে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পরোক্ষভাবে সবাই দুর্নীতিতে সম্পৃক্ত। যারা ক্ষমতাবান, তারাই দুর্নীতি করে। এ ছাড়া সবাই দুর্নীতিতে নিমজ্জিত।

গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ১০৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। দুর্নীতি ও অনিয়মের তথ্য দুদককে জানানোর জন্য এই হটলাইন চালু করা হয়েছে। এ উপলক্ষে দুদকের মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। দুর্নীতিতে আমরা সবাই নিমজ্জিত। সবাই যদি নিমজ্জিত না থাকত, তাহলে দুর্নীতি হতো না। যাদের ক্ষমতা আছে, তারাই দুর্নীতি করে। যদি এতে সবাই অংশ না নেয়, তাহলে দুর্নীতি হয় কীভাবে? পরোক্ষভাবে আমরা সবাই দুর্নীতিতে সম্পৃক্ত।’

বাংলাদেশে দুর্নীতির সংস্কৃতি আগে ছিল না উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এটা একটা গোপনীয়তার মধ্যে ছিল। একটু শরমের বিষয় ছিল। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও যাঁদের সেবা প্রদানের ক্ষমতা রয়েছে, তাঁদের মধ্যে অনেকেই দুর্নীতি করেন। এ ক্ষেত্রে সেবাপ্রত্যাশীদেরও পরোক্ষভাবে দুর্নীতিতে জড়ানো হচ্ছে। তবে সেবাপ্রত্যাশীরা যদি সম্মিলিতভাবে এতে অংশগ্রহণ না করেন, তাহলে দুর্নীতি করা কঠিন হয়ে যাবে।’

দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘আজকের বাংলাদেশে দুর্নীতি একটি বড় সমস্যা। আমরা যারা রক্ষক, তাদেরই কেউ কেউ ভক্ষকে পরিণত হয়েছি। তাই জনগণকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত করতে হবে।’