
সরকারদলীয় মন্ত্রী-সাংসদদের গত পাঁচ বছরে সম্পদ ও আয় বৃদ্ধিকে স্বাভাবিক বলে মনে করেন নির্বাচনকালীন সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘দুনিয়ার ইতিহাস হচ্ছে, যারা ক্ষমতায় থাকে, তাদের আয় বাড়ে। সব দেশেই এটা হয়। প্রাচীনকালে বর্বরদের গোত্রপ্রধানও সম্পদশালী হতেন। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।’
সচিবালয়ে গতকাল মঙ্গলবার অনলাইনে নিজের ব্যক্তিগত আয়কর রিটার্ন আনুষ্ঠানিক দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী-সাংসদদের হলফনামা গণমাধ্যমে প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘জনপ্রতিনিধিদের আয়-ব্যয়ের হিসাব হবে উন্মুক্ত (ওপেন বুক অ্যাকাউন্ট)। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা প্রকাশ হওয়াই উচিত।’ তিনি আরও বলেন, পাঁচ বছরে দেশের ব্যবসা-বাণিজ্য ও জনগণের আয়ক্ষমতা বৃদ্ধির কারণেই মন্ত্রী-সাংসদদের সম্পদ ও আয় বেড়েছে।
আবুল মাল আবদুল মুহিত জানান, ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত ১০ বছরে বাজেটের যে আকার দাঁড়িয়েছে, ২০০৯ থেকে বর্তমান সময় পর্যন্ত পাঁচ বছরেই দাঁড়িয়েছে একই পরিমাণ আকার। এটাই নির্দেশ করে দেশের ব্যবসা-বাণিজ্য ও আয় কী পরিমাণ বেড়েছে। তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় তাঁর নিজের মোট সম্পদ ছিল এক কোটি ১৪ লাখ টাকা। পাঁচ বছরে তা বেড়ে এক কোটি ৫৮ লাখ টাকায় উন্নীত হয়েছে। তিনি জানান, কর রেয়াতযোগ্য বিভিন্ন উপখাত থেকে গত বছর তাঁর আয় হয়েছে ১৪ লাখ টাকার কিছু বেশি। আর করযোগ্য বার্ষিক আয়ের পরিমাণ ১১ লাখ টাকা। হিসাব-কিতাব করে এবার তিনি আয়কর দিয়েছেন ৮৪ হাজার ৪৩৬ টাকা। তিনি বলেন, ‘আমার সম্পদ নিয়ে গণমাধ্যমে যেগুলো বেরিয়েছে, সেগুলো ব্যাড স্টোরি (খারাপ প্রতিবেদন)।’
অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়ে সরকার কোনো তদন্ত করবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ব্যাপার। সংস্থাটি স্বাধীন এবং চাইলেই তদন্ত করতে পারে।’ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ বিষয়ে দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, এনবিআরও দেখতে পারে।’