যারা গুম-অপকর্ম করবে, একদিন তারাই এর শিকার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক বলেছেন, যারা গুম করবে, অপকর্ম করবে—একদিন তাদেরই এর শিকার হতে হবে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল সোমবার সন্ধ্যায় দেখা করার পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। বর্ষীয়ান এই আইনজীবী গতকাল সন্ধ্যায় বিএনপি নেতার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পরে তিনি বলেন, ইলিয়াস আলীকে গুম করা হয়নি, তাঁকে লুকিয়ে রাখা হয়েছে। রফিক-উল হক বলেন, ‘উনি জীবিত আছেন। আশা করি, তাঁর কিছু হয়নি। আমি মোর দ্যান সিওর, তাঁকে লুকিয়ে রাখা হয়েছে। বর্তমানে যে পরিস্থিতি, এ মুহূর্তে তাঁকে তাই বের করা যাচ্ছে না। টাইম ইজ দ্য বেস্ট হিলার।’কিসের ভিত্তিতে নিশ্চিত হচ্ছেন যে ইলিয়াস আলীকে লুকিয়ে রাখা হয়েছে—এমন প্রশ্নের উত্তরে রফিক-উল হক বলেন, ‘পরিস্থিতি বিশ্লেষণ করেই আমার এমনটা মনে হয়েছে। যে লোকটা নিখোঁজ হলো, সরকার তাঁর বিরুদ্ধে ১০ বছর আগের একটি ঘটনায় মামলা দিয়েছে। ওই মামলা কী বলে দেয়! রাত ১২টায় ওই মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) দেওয়া হয়। এটা কোনো সাধারণ মামলা নয়। এর পেছনে যথেষ্ট শক্তিশালী পক্ষের হাত রয়েছে।’ প্রবীণ এই আইনজীবীর মতে, প্রভাবশালী কোনো মহল বা শক্তি ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সঙ্গে জড়িত বলেই তাঁর বিশ্বাস। এতে সরকারেরও ইশারা রয়েছে।