যারা গ্রামীণ ব্যাংক ধ্বংস করতে চায় তাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া ঠিক নয়: ড. ইউনূস
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রামীণ ব্যাংককে যারা ধ্বংস করতে চায়, তাদের দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই। তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া ঠিক নয়।
গতকাল বুধবার রাজধানীর ইউনূস সেন্টারে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ভাষাসৈনিক আবদুল মতিনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, পৃথিবীতে গ্রামীণ ব্যাংকই একমাত্র ব্যাংক, যেটি নোবেল পুরস্কার পেয়েছে। একে সম্মান না করে উল্টো ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার জন্য বর্তমান সরকার যে ষড়যন্ত্র ও অপতৎপরতা শুরু করেছে, তা দেশের মানুষ প্রতিহত করবে। কারণ, গ্রামীণ ব্যাংক কার্যক্রমের ফলে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় ১০০ দেশের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ দারিদ্র্যের শৃঙ্খল থেকে বেরিয়ে এসেছে। সংগঠনের নেতারা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক খেতাব কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করার জন্য মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান।
এ সময় ড. ইউনূস বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানী বাংলাদেশের সব জনগণের হূদয়ে বেঁচে আছেন। তিনি এ দেশের মানুষকে জাতীয়তাবোধ শিখিয়েছেন।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন ভাসানী অনুসারী পরিষদের নেতা পরিবেশবিজ্ঞানী সৈয়দ সফিউল্লাহ, শেখ রফিকুল ইসলাম, মুহম্মদ কামরুল হুদা, সুলতান আলম মল্লিক, ইকবাল হোসেন, জাফরুল্লাহ খান চৌধুরী প্রমুখ।