শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘শিক্ষিত সমাজে ধর্মান্ধতা প্রবেশের সুযোগ থাকে না। শিক্ষিত সমাজ ধর্মপরায়ণ হয়। আর অশিক্ষিতরা ধর্মের নামে বিপথগামী হয়। তাদের দিয়ে জঙ্গিবাদ সৃষ্টি করা যায়। যারা শিক্ষিত সমাজ না চেয়ে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, তারাই ধর্মের নামে চলমান শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে চায়। আমাদের সবাইকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।’
গতকাল দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেধাবৃত্তি প্রদান ও জাতীয় শিক্ষা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা এসপি সুভাষ চন্দ্র সাহা, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিমল চক্রবর্তী, সদর উপজেলা ইউএনও মুহাম্মদ মকবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশিদ প্রমুখ। সভা শেষে ২২৩ জন শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়।