যারা তদবির করেছে, তাদের জন্য ভালো বাজেট: জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটটি তদবিরের বাজেট হয়েছে। যারা বিভিন্ন ধরনের তদবির করেছে, তাদের জন্য বাজেট ভালো হয়েছে।
আজ শুক্রবার মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২২-২৩: স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক পর্যালোচনা’ শীর্ষক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘এটি তদবির ও বড় লোকের বাজেট। রপ্তানিকারকেরা আগে শূন্য দশমিক ৫ শতাংশ কর দিতেন, তা এখন শূন্য দশমিক ১ শতাংশ করা হয়েছে, এটি ভালো দিক। বাকি সব খাত ভুল সিদ্ধান্ত।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘শ্রমিকের জন্য বাজেটে কিছু নেই।’ স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, ‘ভবন মানেই স্বাস্থ্যসেবা না। প্রশিক্ষিত চিকিৎসক প্রয়োজন।’
মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের ফরেস্ট, এনভায়রনমেন্ট, ট্যুরিজম, অ্যানিমেল অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাফেয়ার্সের সেক্রেটারি রঞ্জিত কুমার বর্মন ওয়েবিনার সঞ্চালনা করেন। আরও বক্তব্য দেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ, হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান লেলিন চৌধুরী, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল প্রমুখ।