স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু বলেছেন, ‘যারা পার্বত্য চুক্তি চায়নি, যারা অস্ত্র ও মাদকের অবৈধ ব্যবসা করে সম্পদের পাহাড় গড়তে চেয়েছে, এ এলাকাকে অশান্ত রেখেছে, তাদের অস্তিত্ব এখনো বিলীন করা যায়নি। আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই অশুভ শক্তিকে প্রতিরোধ করতে হবে।’গতকাল শনিবার রাঙামাটি জেলা আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় এ সভা হয়। সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পুলিশ সুপার মাসুদ উল হাসান, সামরিক-বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা না থাকলে স্থিতিশীল পরিস্থিতি রক্ষা করা সহজ। সে কারণে এ সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন অবনতি হচ্ছে না।যেসব এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত, যেখানে বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজ নেই, রাস্তাঘাট অনুন্নত, সেসব এলাকার প্রতি বর্তমান সরকারের দৃষ্টি আছে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়, তারা বেশি দিন টিকতে পারবে না। রাঙামাটি জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এ সরকারের আমলে হবে উল্লেখ করে তিনি বলেন, এসব যারা চায় না, তাদের হাতে জিম্মি হয়ে থাকলে চলবে না।