যারা প্রতীকী বিচারের কথা বলে তারা যুদ্ধাপরাধীদের দালাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেছেন, ‘যারা যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচারের কথা বলে, তারা যুদ্ধাপরাধীদের দালাল। দু-একজনের বিচার হলে মুক্তিযোদ্ধারা তা মেনে নেবেন না।’গতকাল বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার শওকত আলী এ কথা বলেন। সভার আয়োজন করে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ।আলোচকেরা যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচার করার বিষয়ে বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রীদের দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন তুললে, জবাবে ডেপুটি স্পিকার এ কথা বলেন। তিনি বলেন, দেশের সব যুদ্ধাপরাধীর বিচার হবে এবং যত দিন তাদের বিচার শেষ না হবে, তত দিন বিচার চলবে।বিশেষ অতিথির বক্তব্যে বিচারপতি গোলাম রাব্বানী যুদ্ধাপরাধীদের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘অপরাধী ধরা পড়লে ফাঁসির দাবিতে মিছিল হয়। কিন্তু এখানে চলছে উল্টো। কারণ, ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়, তার ৩৮ অনুচ্ছেদের শর্ত ধর্মভিত্তিক দল নিষিদ্ধের বিষয়টি তুলে দেওয়ায় জামায়াত এখন বলতে পারছে যে তারা একটি বৈধ রাজনৈতিক দল। এ জন্যই খালেদা জিয়া বলতে পারছেন, যুদ্ধাপরাধের বিচার রাজনৈতিক প্রতিহিংসা।’ তিনি ধর্মভিত্তিক রাজনীতি ও ধর্মভিত্তিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক মেজর জেনারেল (অব.) হারুন-অর রশীদ যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকারের মধ্যে সমন্বয়হীনতা ও দ্বিধাদ্বন্দ্ব আছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা প্রতীকী বিচার চাই না। কিন্তু কতজনের বিচার হবে, কত দিনে হবে; সে বিষয়ে নির্দিষ্ট কোনো নীতিমালা হয়নি। আসল যুদ্ধাপরাধী গোলাম আযমকে এখনো গ্রেপ্তার করা হয়নি। প্রসিকিউশন এখন পর্যন্ত একজনের অভিযোগও চূড়ান্ত করেনি।’গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, মুক্তিযুদ্ধের পূর্ণতা দিতে হলে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। এটা জাতীয় ও রাষ্ট্রীয় কর্তব্য।শহীদ জায়া শ্যামলী নাসরীন বলেন, ‘আলবদরদের হাতে নিহত আমার স্বামীর ক্ষতবিক্ষত লাশ দেখেছি। এত প্রমাণ থাকা সত্ত্বেও তারা বহাল তবিয়তে আছে, তাদের উত্তরোত্তর উন্নতি হচ্ছে। কী করে আমরা এখনো জামায়াতিদের সঙ্গে ওঠাবসা, ব্যবসা-বাণিজ্য করছি! কেন দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে না?’সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলীর সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে সংগঠনের আরেক সমন্বয়ক অজয় রায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, রোকেয়া কবীর প্রমুখ অংশ নেন।আলোচকেরা যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করা এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।