যাঁরা বাইরে আছেন আত্মসমর্পণ করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের জলদস্যু খোকাবাবু বাহিনীর প্রধানসহ ১২ জন সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন। ছবিটি সোমবার সকালে বরিশাল র‍্যাব-৮ কার্যালয় থেকে তোলা। ছবি: সাইয়ান
সুন্দরবনের জলদস্যু খোকাবাবু বাহিনীর প্রধানসহ ১২ জন সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন। ছবিটি সোমবার সকালে বরিশাল র‍্যাব-৮ কার্যালয় থেকে তোলা। ছবি: সাইয়ান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জলদস্যু ও বনদস্যু বাহিনীর সদস্য এখনো যাঁরা পলাতক আছেন, তাঁদের দ্রুত আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার বেলা ১১টায় বরিশালে র‍্যাব-৮-এর কার্যালয়ে এক আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সুন্দরবনের বনদস্যু খোকাবাবু বাহিনী অস্ত্র, গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। এদিন বাহিনীর প্রধানসহ ১২ দস্যু আত্মসমর্পণ করেন। এ সময় তাঁরা ২২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৩টি গুলি জমা দেন। আত্মসমর্পণকারীরা হলেন খোকাবাবু বাহিনীর প্রধান কবিরুল ইসলাম ওরফে খোকাবাবু (৩৩), আমিনুল ইসলাম (৩২), শাহজাহান গাজী (৩০), আবদুল আজিজ (৪৪), মজিবর রহমান (৩৮), মিজানুর রহমান (৩৬), মহিদুল ইসলাম (৩৩), রবিউল ইসলাম (২৫), ওসমান গনি (৩৩), রফিকুল ইসলাম গাজী (৩৩), ইয়াছিন আলী গাজী (২৫) ও মো. কালাম (৩৫)। তাঁদের বাড়ি সাতক্ষীরা সদর ও শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।
আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যাঁরা জলদস্যু ও বনদস্যু বাহিনী হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করছেন, আমরা আমাদের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে তাঁদের নির্মূল করব। যাঁরা এখনো বাইরে আছেন, তাঁরা শিগগিরই আত্মসমর্পণ করুন। তা না হলে তাঁদেরও খুঁজে বের করা হবে। আমরা কোনোভাবেই সুন্দরবনকে নষ্ট হতে দেব না। আমাদের অপার সম্ভাবনাময় সম্পদ সুন্দরবনে জলদস্যু, বনদস্যুদের আস্তানা গড়তে দেব না। যাঁরা এসব বনদস্যুকে সহযোগিতা দেন, মদদ দেন, অস্ত্র দেন, তাঁদেরও চিহ্নিত করছি। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে যাঁরা আত্মসমর্পণ করেছেন, তাঁদের পুনর্বাসনে সরকার উদ্যোগ নেবে। যাঁদের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ নেই, তাঁদের আইনের মাধ্যমে সহযোগিতা দিয়ে স্বাভাবিক জীবনের ফেরার সুযোগ করে দেওয়া হবে।’

অনুষ্ঠানে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, যারা জলদস্যু-বনদস্যুদের ডাঙা থেকে সমুদ্রে নামায়, অস্ত্রের জোগান দেয় এবং তাদের লুটে নেওয়া সম্পদ ভোগ করে, তারা যতই ভদ্রতার মুখোশ পরে থাক, ওই মুখোশ থাবা মেরে খুলে দেওয়া হবে। অপরাধীদের প্রত্যেককে আইনের মুখোমুখি করা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা চাই সুন্দরবনে সাধারণ খেটে খাওয়া ও পেশাজীবী মানুষ যারা আছে, তারা প্রত্যেকে নিরাপদে থাকবে। সেই লক্ষ্যে যেভাবে জঙ্গিদের খুঁজে খুঁজে বের করা হয়েছে, সেভাবেই জলদস্যু, বনদস্যুদের খুঁজে বের করা হবে। বাংলাদেশের জলসীমা, সুন্দরবন এলাকায় কেউ এগুলো করতে পারবে না। করতে দেওয়া হবে না।’
বরিশাল র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আনদান কবীর জানান, গত ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত র‍্যাব-৮-এর একটি দল সুন্দরবন এলাকার চাঁদপাই রেঞ্জের পমুর নদীতে অভিযান চালায়। এ সময় সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান খোকাবাবু র‍্যাবের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। সেই মোতাবেক সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে এ আত্মসমর্পণ প্রক্রিয়া শেষ হয়।

র‍্যাব বরিশালের অধিনায়ক মো. ইফতেখারুল মাবুদের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস, বরিশাল-৫ আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ, বরিশাল জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন, পুলিশের উপমহাপরিদর্শক শেখ মো. মারুফ হাসান, কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী প্রমুখ।

এর আগে গত ৩১ মে সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনীর ১০ জন, ১৪ জুলাই মজনু ও ইলিয়াস বাহিনীর ১১ জন, ৭ সেপ্টেম্বর আলম ও শান্ত বাহিনীর ১৪ জন এবং ১৯ অক্টোবর বরগুনার সার্কিট হাউস মাঠে সাগর বাহিনীর প্রধানসহ ১৩ দস্যু আত্মসমর্পণ করেন। এ পর্যন্ত সুন্দরবন এলাকার ৬টি বাহিনীর ৪৮ জন দস্যু ১১৭টি অস্ত্র ও ৬ হাজার ৫২৮টি গুলিসহ আত্মসমর্পণ করেছেন।