যারা বাল্যবিবাহের শিকার, তাদের গড় বয়স সাড়ে ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরে বাল্যবিবাহের শিকার ১ হাজার ২৩৭ জনের বিয়ের গড় বয়স ছিল সাড়ে ১৫ বছর। এদের ৬৫ শতাংশেরই বিয়ে হয় পারিবারিকভাবে। মাত্র ৫ দশমিক ৭৯ শতাংশ বিয়ে করে ভালোবেসে পারিবারিক সম্মতিতে। আর পালিয়ে বা শারীরিক সম্পর্ক হওয়ার কারণে বিয়ে হয় ১ দশমিক ৫ শতাংশের। মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৪টি জেলায় করা এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
গবেষণায় দেখা যায়, পালিয়ে বা বিয়ের আগে শারীরিক সম্পর্ক হওয়ার ঘটনা ঘটেছে ১৬ বছরের বেশি বয়সী মেয়েদের ক্ষেত্রে।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘বিবাহযোগ্য বয়স এবং শিশুবিবাহ: বর্তমান পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। দেশের সাত বিভাগের ২৪ জেলার ২৪টি উপজেলায় গত বছরের আগস্ট থেকে এ বছরের আগস্ট পর্যন্ত ১ হাজার ২৩৭ জন বাল্যবিবাহের শিকার এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ গবেষণা করা হয়।
গবেষণা অনুযায়ী, বিয়ের সময় প্রায় ৬৪ শতাংশই ছিল শিক্ষার্থী। বিয়ের সময় ৫৫ শতাংশেরই কোনো ধরনের মতামত নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে আলোচকেরা জানান, সরকারের বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক খসড়া আইনে বিশেষ পরিস্থিতিতে বাবা-মায়ের সম্মতিতে এবং আদালতের অনুমোদনের ভিত্তিতে ১৬ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া যাবে বলে শর্ত রাখার চিন্তাভাবনা চলছে। এ ক্ষেত্রে যদি মেয়েরা পালিয়ে যায় বা বিয়ের আগেই শারীরিক সম্পর্ক হওয়ার কারণে যদি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, তাহলে ‘বিশেষ পরিস্থিতি’ হিসেবে বিবেচনা করার কথা চিন্তাভাবনা চলছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের করা আইনের খসড়াটি বর্তমানে আইন মন্ত্রণালয়ে যাচাই-বাছাই চলছে।
সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী বনশ্রী মিত্র নিয়োগী এবং মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বিভাগের প্রধান জুবায়ের আলী খান।
বনশ্রী মিত্র নিয়োগী বলেন, মাঠপর্যায়ে অনেকেই ধরে নিয়েছেন, সরকার মেয়েদের বিয়ের বয়স কমিয়ে ফেলেছে। ফলে তাঁরা উল্টো প্রশ্ন করে, কেন বিয়ের ক্ষেত্রে ১৮ বছরের কথা বলা হচ্ছে? আইনে শর্ত বহাল থাকলে তখন ১৩ বা ১৪ বছর বয়সী মেয়েদের বয়স বাড়িয়ে ১৬ বলে বিয়ে দেওয়া হবে। তখন মেয়েদের মতামত নেওয়ার প্রশ্নই আসবে না। এ ছাড়া সরকার যে ধরনের যুক্তি দিয়ে শর্ত দিতে চাইছে, গবেষণার ফলাফল অনুযায়ী সেটাও গ্রহণযোগ্য নয়।
আলোচনায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘সরকার ১৯২৯ সালের বিদ্যমান আইনের সংশোধন করতে গিয়ে আইনে যে ধরনের শর্ত দিতে চাইছে, তাতে আমরা বিস্মিত, দুঃখিত। সমাজ অগ্রসর করার মূল চাকাটি যে নারীরা ঠেলছে, সেই নারীদের কয়েক শ বছর পিছিয়ে দিতে চাইছে সরকার। চাকা থেমে গেলে সমাজের উন্নয়নও থেমে যাবে। আমরা কথাটি খুব পরিষ্কার করে হাজারবার বলছি, আইনে কোনো, কিন্তু, তবে—এ ধরনের শব্দের ব্যবহার চলবে না।’
আয়শা খানম বলেন, বিয়ের বয়স কমিয়ে সরকার বাল্যবিবাহের হার কম দেখাতে পারলেও এর ফলে নারীর স্বাস্থ্য, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু সূচকে বাংলাদেশ পিছিয়ে পড়বে। তাই এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান তিনি।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘সরকার অনেক সময়ই নারী আন্দোলনের কথা শুনেছে। আশা করছি এবারও শুনবে। সরকার যত দিন কথা না শুনবে, আমরা আন্দোলন চালিয়ে যাব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা বলেন, আইনে শর্ত দিয়ে ১৬ বছরের কথা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। ১৮ বছরের আগেও মেয়েদের বিয়ে দেওয়া যাবে, শুধু মানুষের মধ্যে এ ধারণা দেওয়ার জন্যই সরকার এ ধরনের চিন্তা করছে।
গবেষণার অন্যান্য ফলাফল অনুযায়ী, নিরাপত্তাহীনতার কারণে প্রায় ২৬ শতাংশ বাবা-মা মেয়েকে কম বয়সে বিয়ে দিতে বাধ্য হন। দারিদ্র্যের কারণে ১৯ শতাংশ এবং সামাজিক রীতিনীতির কারণে প্রায় ২৩ শতাংশ বাবা-মা মেয়েকে বিয়ে দেন। বিবাহিতদের মধ্যে প্রায় ৫৫ শতাংশের পরিবারই ছিল অতিদরিদ্র।
গবেষণায় অংশগ্রহণকারীদের ৭৬ দশমিক ২২ শতাংশই ১৯২৯ সালের বিদ্যমান আইনে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর বলতে পেরেছে। বরং আইনটিতে ছেলেদের ন্যূনতম বিয়ের বয়স ২১, তা বলতে পেরেছে মাত্র ২৩ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ বাবা-মা আইনটি জানার পরও নানা কারণে মেয়েকে বিয়ে দিচ্ছেন।