তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ‘যারা ভালো কাজ করে তাদের স্বীকৃতি দেওয়া হয় না। তাদের যথাযথ মূল্যায়নও করা হয় না। এ কারণে বিশ্বায়নের যুগে আমরা পৃথিবীর কাছে ছোট হয়ে যাচ্ছি। সাংস্কৃতিক আন্দোলনই আমাদের এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে।’ গতকাল শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত জিয়া হল মিলনায়তনে উন্মেষ সাংস্কৃতিক সংগঠনের ২০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আকবর আলি খান বলেন, ‘সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে পারি। আমাদের সত্তা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলন অপরিহার্য।’অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রদীপ ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সামছুর রহমান, উপ-কর কমিশনার মীর্জা আশিক ও নাট্যজন আবদুল বারেক সরকার। অনুষ্ঠানে সাংবাদিক বংশী সাহা গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।