মাতৃভাষা ইনস্টিটিউট ভবন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
যারা মাতৃভাষার মর্যাদা দেয় না, তারা স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোটকে ইঙ্গিত করে বলেছেন, যারা দেশের ভাষা ও সংস্কৃতির মর্যাদা দেয়া না, তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তা না হলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণকাজ তারা বন্ধ করে দেবে কেন?গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবন উদ্বোধন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় এসে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে এ প্রতিষ্ঠানটির কাজ বন্ধ করে দেয়। যাদের বাংলা ভাষার প্রতি দরদ নেই, দেশের স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে যারা হাত মেলায়, বুদ্ধিজীবী হত্যাকারীদের যারা মন্ত্রী করে, তাদের পক্ষে এটা করাই স্বাভাবিক।২০০১ সালের ১৫ মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের তত্কালীন মহাসচিব কফি আনান ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতাসীন হলে ইনস্টিটিউটের নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন প্রতিষ্ঠানটির কাজ বন্ধ থাকায় সময়ের অপচয় হয়েছে। সরকারের বিপুল অর্থ ব্যয় হয়েছে। আর ভূলুণ্ঠিত হয়েছে একুশের চেতনা। মাতৃভাষা ইনস্টিটিউটকে স্বায়ত্তশাসন দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ প্রতিষ্ঠানে পৃথিবীর সব ভাষা সংরক্ষণ করার পাশাপাশি হুমকির মুখে পড়া ভাষার বিস্তার ঘটানোর কাজ হবে। এখানে পৃথিবীর সব ভাষার উপাদান ডেটাবেইসে সঞ্চিত থাকবে, অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে বিলুপ্ত বা প্রায় বিলুপ্ত ভাষাগুলোকে দৃশ্যমান করা হবে। ভাষার ওপর লিখিত যাবতীয় বই, ব্যাকরণসমৃদ্ধ একটি বিশ্বমানের লাইব্রেরি থাকবে। এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট একটি ভাষা-জাদুঘর ও আর্কাইভ পরিচালনা করবে। তিনি বলেন, এ ইনস্টিটিউট যাতে যথাসম্ভব দ্রুত কর্মসূচি বাস্তবায়ন করতে পারে, তার জন্য শিগগিরই আইন পাস করা হবে।প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া হবে। কর্মসূচি বাস্তবায়নে ভাষাবিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালি জাতি নিজের মায়ের ভাষার জন্য একদিন বুকের রক্ত দিয়েছিল। বিশ্বের সব ভাষার সম্মান রক্ষার আন্দোলনে বাঙালিরাই নেতৃত্ব দেবে। বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্থান পাবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টা করছি। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়ে আমি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছি।’শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার কথা উল্লেখ করে বলেন, নির্মাণ প্রকল্পে ১২ তলা ভিতের ওপর পাঁচতলা পর্যন্ত নির্মাণ ব্যয় ধরা হয়েছিল সাড়ে ১৯ কোটি টাকা। কিন্তু ছয় বছর পর নির্মাণ ব্যয় বাড়ার কারণে তিনতলা পর্যন্ত নির্মাণ করতেই ব্যয় হয়েছে সাড়ে ১৭ কোটি টাকা। জোট সরকারের দলীয় সংকীর্ণতা ও প্রতিহিংসার পরিণতিতে এ রকম জাতীয় গৌরবের একটি প্রতিষ্ঠানকে কীভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, তার নমুনা এবং সময় ও অর্থ অপচয়ের একটি অনন্য নজির হয়ে থাকল এই মহান প্রতিষ্ঠানটি।ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু সমাজ-জীবনে এ ভাষার যথাযথ ব্যবহার হচ্ছে না। ভুল ইংরেজি বলা হচ্ছে। এভাবে বাংলা ভাষাকে বিপন্ন করে তোলা হচ্ছে। তিনি বলেন, ভাষার শিক্ষক তৈরি এবং দোভাষী সৃষ্টিতে এই ইনস্টিটিউটের একটা ভূমিকা থাকতে হবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, কূটনীতিক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও পদস্থ সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।