প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন বিঘ্নিত করার লক্ষ্যে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই ইমাম, পুরোহিত ও ফাদারদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। সরকারের অগ্রাধিকারমূলক (ফার্স্টট্র্যাক) প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করতে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা কমিটির সভায় গতকাল বুধবার এ কথা বলেন প্রধানমন্ত্রী।
সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বের যেকোনো স্থানে প্রতিটি হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী-জঙ্গিবাদী কর্মকাণ্ডের নিন্দা জানাই। আমরা দেশে-বিদেশে যেকোনো স্থানে হত্যাকাণ্ডের নিন্দা জানাই।’ তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশি দম্পতি এবং ওহাইও অঙ্গরাজ্যে একই পরিবারের আটজনকে হত্যার ঘটনার নিন্দা জানান। যুক্তরাষ্ট্র সরকার অপরাধীদের বিচারের সম্মুখীন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর বিষয়ে শেখ হাসিনা বলেন, প্রতীয়মান হয় যে, আন্দোলনের নামে প্রকাশ্যে মানুষ পুড়িয়ে মারার সঙ্গে জড়িত অশুভ শক্তির হাত এসব হত্যাকাণ্ডের পেছনে রয়েছে। আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা খুনের ঘটনাগুলো তদন্ত করছে। তদন্তের মাধ্যমে সব অপরাধীকে গ্রেপ্তার করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, হত্যাকারীরা মসজিদে যাওয়ার পরিবর্তে নামাজের সময়ে মানুষকে হত্যা করতে গেছে। প্রকৃতপক্ষে, হত্যাকারীদের আল্লাহর ওপর বিশ্বাস এবং কোনো জাতীয় পরিচয় নেই। তিনি আরও বলেন, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম বিচারক। তাহলে, তারা কীভাবে ধর্মরক্ষার নামে কোনো ব্যক্তিকে হত্যা করে? এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এটি ছিল ফার্স্টট্র্যাক প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা কমিটির চতুর্থ সভা। সভায় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
প্রেস সচিব ইহসানুল করিম জানান, সভায় ১০টি ফার্স্টট্র্যাক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রকল্পগুলো হচ্ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, পদ্মা সেতু রেল যোগাযোগ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রামপালে মৈত্রী সুপার তাপবিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়িতে আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্প, ঢাকা ম্যাস র্যা পিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (মেট্রো রেল), এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প, পায়রা গভীর সমুদ্রবন্দর প্রকল্প এবং দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমার সীমান্তে গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ রেলপথ প্রকল্প।
প্রেস সচিব আরও জানান, সরকার সম্ভাব্য স্বল্পতম সময়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে চায় বলে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। কারণ, এগুলো বাস্তবায়নের সঙ্গে দেশের সার্বিক উন্নয়ন সম্পৃক্ত। সচিব জানান, ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার আরও ১০ শতাংশ কমানোর বিষয়ে সরকারের পরিকল্পনার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সর্বাধিক স্বচ্ছতার সঙ্গে যত দ্রুত সম্ভব প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে।