শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যারা মিথ্যা প্রচারণায় মানুষকে বিভ্রান্ত করে তারা মানুষ নয়, অমানুষ। গতকাল শনিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেলথ বুলেটিন ২০১৩-এর মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে সম্প্রতি দুষ্কৃতকারীদের মাধ্যমে পোলিও টিকা খেয়ে হাজার হাজার শিশু মৃত্যুর মিথ্যা অপপ্রচার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, অপপ্রচারণার কারণে পোলিও টিকা দেওয়া সম্ভব না হওয়ায় অনেক শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ও সচেতন মহলকে এসব প্রচারণার ব্যাপারে অভিভাবকদের সচেতন করার জন্য উদ্যোগ নিতে আহ্বান জানান। সচেতনতা তৈরি হলে আগামী বছর শিশুদের পোলিও টিকা খাওয়াতে মা-বাবা ভয় পাবেন না। এর আগে শিক্ষামন্ত্রী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়েও এটি আঞ্চলিক হাসপাতালে রূপ নিয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ সালামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান (অস্থায়ী) রুমা চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক শিবলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।