পেশাজীবী নেতাদের প্রধানমন্ত্রী
যারা সংবিধান ছুড়ে ফেলে দিতে চায় তারা স্বাধীনতায় বিশ্বাস করে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা সংবিধান ছুড়ে ফেলে দিতে চায়, তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে আমরা সংবিধানে সংশোধনী এনেছি।’গতকাল বৃহস্পতিবার সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। পরিষদের আহ্বায়ক সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও সদস্য-সচিব ড. কামরুল হাসান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন করে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী দেশের বৃহত্তর স্বার্থে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি দ্রুত বাস্তবায়নের সহায়তায় এগিয়ে আসার জন্য পেশাজীবীদের প্রতি আহ্বান জানান। বেগম খালেদা জিয়া ও বিএনপির অন্যান্য নেতাকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘তাদের মাথায় একটাই চিন্তা, কীভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল এবং দুর্নীতির মাধ্যমে জনগণের বিপুল অর্থ আত্মসাৎ করে আয়েশি জীবনযাপন করা যায়। তারা জনগণের কল্যাণের কথা ভাবে না।’ প্রধান বিরোধী দল বিএনপির সরকারবিরোধী আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেত্রী তাঁর দুর্নীতিগ্রস্ত সন্তান, যুদ্ধাপরাধী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের রক্ষার জন্য আন্দোলন করছেন।শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেত্রী তাঁর ছেলের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা হওয়ায় সরকারকে দায়ী করছেন। অথচ বর্তমান সরকার এ মামলা করেনি। যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থার প্রতিবেদনে এই অর্থ পাচারের অপরাধের কথা প্রকাশ পাওয়ার পর তদানীন্তন তত্ত্বাবধায়ক সরকার বিরোধীদলীয় নেত্রীর ছেলের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রের অপরাধ তদন্ত বিভাগ এই অপরাধের কথা প্রকাশ করে এবং এফবিআই পুনঃতদন্ত করে বিরোধীদলীয় নেত্রীর ছেলেকে দোষী সাব্যস্ত করে। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে এ ব্যাপারে একটি মামলা হয়। বিএনপি এ মামলার জন্য সরকারকে দায়ী করায় তিনি বিস্ময় প্রকাশ করেন। মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিএমএর সভাপতি ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন।