সিলেটে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘কেউ অপরাধ করলে দেশে প্রচলিত বিচারব্যবস্থা আছে। বিচারের বাইরে কিছু নেই। র্যাব ও পুলিশ—যারাই নির্যাতন করুক, কেউ আইনের বাইরে নয়। অভিযোগের সত্যতা পেলে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাইব।’ গতকাল বুধবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হাসপাতাল পরিদর্শনকালে একটি শয্যায় পুলিশের প্রহরায় থাকা যুবকের খবর নিতে গিয়ে জানতে পারেন, যুবকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা নির্যাতিত হয়ে শয্যাশায়ী। কামরুজ্জামান মিঠুন (২৮) নামের ওই যুবক ২৪ সেপ্টেম্বর নির্যাতনে মারা যাওয়া মনোয়ার হোসেন মনিরের শয্যাপাশেই ছিলেন। মনিরের পরিবারের অভিযোগ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) এবং পুলিশ হেফাজতে নির্যাতনে মনিরের মৃত্যু হয়।উপস্থিত সাংবাদিকেরা এ বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে অবহিত করলে তিনি বলেন, ‘নির্যাতনের অভিযোগে একজনের মৃত্যুর কথা আমি শুনেছি। এখন শয্যাশায়ী আরেক যুবককেও (কামরুজ্জামান মিঠুন) দেখলাম। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন দেখেছি। এখন প্রশ্ন হলো—এ নির্যাতন কে করেছে, তা শনাক্ত করা। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্যাতনের বিষয়টি শনাক্ত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইব; ব্যাখ্যা চাইব।’মানবিক অধিকার, মানবিকতা না থাকলে দেশে শান্তির মডেল বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, অপরাধীর বিরুদ্ধে আইনানুগভাবে শাস্তি দেওয়ার বিধানও আছে। বিচারবহির্ভুতভাবে কাউকে নির্যাতন করা সংবিধান ও আইন সমর্থন করে না। সবার আগে মানুষের মানবাধিকার নিশ্চিত করতে হবে।গণদাবির মানববন্ধন: মনোয়ার হোসেন মনিরের (২৮) মৃত্যুর প্রতিবাদে গতকাল বিকেলে নগরের কোর্ট পয়েন্টে গণদাবি মানববন্ধন করেছে। মানববন্ধনে মনিরের পরিবারের সদস্যরা ছাড়া গণদাবি পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনের মূল ব্যানারে ‘মনিরের মৃত্যু র্যাব ও পুলিশ হেফাজতে অমানুষিক নির্যাতনের কারণে হয়েছে’ দাবি করে সমাবেশও হয়। সিলেটের আঞ্চলিক আন্দোলন-সংগ্রামে নিবেদিতপ্রাণ মনিরের প্রসঙ্গে সমাবেশে বলা হয়, মনির ছিলেন একজন সামাজিক ও সংস্কৃতিপরায়ণ মানুষ। এমন মানুষ কোনো অপরাধে জড়িত থাকতে পারেন না। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থানায় নেই। ২০০৪ সালের ২ জুন সিলেটে ঝুলন্ত সেতুর আঞ্চলিক গণ-আন্দোলনে মনির জেল খেটেছেন। জেল খাটার পর তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।নির্যাতন সম্পর্কে বক্তারা পরিবারের অভিযোগের বরাত দিয়ে মনিরের ওপর অমানুষিক নির্যাতনের বর্ণনা দেন। এ সময় তাঁর পরিবারের সদস্যদের কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। বক্তারা বলেন, মনিরের কোমর, পিঠ ও বুকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয়। হাতের একটি শিরাও কেটে ফেলা হয়। নির্যাতনের এসব আলামত ময়নাতদন্তে বের হয়ে আসবে বলে তাঁরা আশা করেন।সিলেট গণদাবি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা তুরণ মিয়ার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আইনজীবী আবদুল মালেক, এইচ এ তাপাদার, শেখ হানিফ উদ্দিন ও মনিরের ছোট ভাই আলতাফ হোসেন।১৪ সেপ্টেম্বর সিলেটের সোবহানীঘাট এলাকা থেকে মনিরকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা ‘ভুয়া র্যাব’ অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করে। ১৯ সেপ্টেম্বর মুমূর্ষু অবস্থায় মনিরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৪ সেপ্টেম্বর ভোরবেলা তিনি মারা যান। পরিবারের অভিযোগ, নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।