যায়যায়দিন পত্রিকাকে রংপুরের এক সাংসদের আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক রোকনউদ্দিন আহমেদ, প্রকাশক হাসান মো. আল-ফারুক ও সংশ্লিষ্ট প্রতিনিধির প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত রোববার রংপুর-৬ আসনের সাংসদ আবুল কালাম আজাদের পক্ষে আইনজীবী মাহবুবউদ্দিন আহমেদ এ নোটিশ পাঠান।গত ৪ অক্টোবর যায়যায়দিন পত্রিকায় ‘এমপি হয়েই ধরাকে সরা ভাবছেন পীরগঞ্জের কালাম’ শিরোনামে প্রথম পৃষ্ঠায় প্রতিবেদন প্রকাশিত হয়। এটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে নোটিশে বলা হয়, ওই খবরে সাংসদ ও একজন ব্যবসায়ী হিসেবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। বেশি গুরুত্ব দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনের মাধ্যমে তাঁর মানহানি হয়েছে দাবি করে নোটিশে নিঃশর্ত ক্ষমা চেয়ে সমগুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে তা প্রকাশ করতে বলা হয়েছে। এটা পাওয়ার তিন দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমার বিষয়টি প্রকাশ করতে বলা হয়েছে। অন্যথায় দেওয়ানি ও ফৌজদারি কার্যক্রম নেওয়ার কথাও বলেছেন ওই সাংসদের আইনজীবী। বিজ্ঞপ্তি।